images

খেলা / ক্রিকেট

দুই ভাইয়ের চার সেঞ্চুরিতে প্রোটিয়াদের সিরিজ জয়

বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪৪ পিএম

বিশ্ব ক্রিকেটে একই দলে দুই ভাইয়ের খেলার ঘটনা নতুন নয়। তবে ব্যাট হাতে একসাথে আলো ছড়ানোর নজির এবার স্থাপন করলেন দক্ষিণ আফ্রিকার দুই ভাই রুবিন হারমান ও জর্ডান হারমান। ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে দুই ভাই মিলে করেছেন চারটি সেঞ্চুরি।

সিরিজে দুজনই করেছেন দুটি করে সেঞ্চুরি। জর্ডান হারমান অপরাজিত ইনিংসে করেছেন ১০১* ও ১৮৬* রান। আর বড় ভাই রুবিন হারমান খেলেছেন ১৫৮* ও ১০৯ রানের ইনিংস। রান সংগ্রাহকদের তালিকায়ও শীর্ষে এই দুই ভাই। সর্বোচ্চ ২৮৭ রান করেছেন জর্ডান, আর ২৮০ রান করে দ্বিতীয় স্থানে রুবিন।

বেনোনিতে ৩০ আগস্ট শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হন জর্ডান। তবে বড় ভাই রুবিন ৯৩ বলে ১৫৮ রানের ইনিংস খেলে দলকে জেতান। দ্বিতীয় ম্যাচে জ্বলে ওঠেন দুইজনই। ২৪৯ রানের লক্ষ্যে তারা গড়েন ১৫৪ রানের জুটি। রুবিন ১০৯ করে আউট হলেও জর্ডান অপরাজিত ১০১ রান করে জয় নিশ্চিত করেন। শেষ ম্যাচে রুবিন ব্যর্থ হলেও জর্ডান খেলেন ক্যারিয়ারসেরা অপরাজিত ১৮৬ রানের ইনিংস।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত জর্ডানের চারটি সেঞ্চুরি রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে চারটি ও টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি আছে তার নামের পাশে। জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি এখনও। তবে বড় ভাই রুবিন ইতোমধ্যে খেলেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে পাঁচটি টি-টোয়েন্টি। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৬৩ রানের ঝড়ো ইনিংসে জিতিয়ে ম্যাচসেরা হন তিনি।

দুই ভাই-ই বাঁহাতি ব্যাটসম্যান। চলতি বছরের ফেব্রুয়ারিতে এসএ টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে ভিন্ন দলের হয়ে একই ম্যাচে ফিফটি করে আলোচনায় এসেছিলেন তারা। সেঞ্চুরিয়নে পার্ল রয়্যালসের হয়ে ৫৩ বলে ৮১ করেছিলেন রুবিন। রান তাড়ায় সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে জর্ডান খেলেছিলেন ৪৮ বলে অপরাজিত ৬৯ রানের ম্যাচ জেতানো ইনিংস। গত আসরেই জর্ডান করেছিলেন একটি সেঞ্চুরি (৬২ বলে ১০৬*)।

আরও পড়ুন
ARGENTINA

যে কারণে আর্জেন্টিনাসহ ৬ দেশকে জরিমানা করলো ফিফা

আগামী আসরের জন্য রুবিনকে ইতোমধ্যে চুক্তিবদ্ধ করেছে পার্ল রয়্যালস। আর ৯ সেপ্টেম্বরের নিলামে উঠবে ছোট ভাই জর্ডানের নাম।

আরটিভি/এসকে