মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:৫৮ এএম
২০২৫ এশিয়া কাপে টিকে থাকার সমীকরণে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। সুপার ফোরে জায়গা করে নিতে জয়ের বিকল্প নেই লিটন দাসদের। তবে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার ম্যাচগুলোর ফলাফলের দিকেও।
টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান ও বাংলাদেশের লড়াই মোট ৯ বার। এর মধ্যে ৫ বার জিতেছে আফগানিস্তান, আর ৪ বার জয় বাংলাদেশের। সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেখানে আফগানদের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ।
এশিয়া কাপেও আফগানিস্তানের বিপক্ষে সুখকর অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ২০২২ সালে শারজাহতে তারা হেরেছিল ৭ উইকেটে।
এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচেই হংকংয়ের বিপক্ষে শক্তি দেখিয়েছে আফগানিস্তান। জিতেছে বিশাল ৯৪ রানে, নেট রান রেট দাঁড়িয়েছে +৪.৭০০। অন্যদিকে একই প্রতিপক্ষের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশের নেট রান রেট ছিল +১.০০১। শ্রীলঙ্কার কাছে হেরে তা নেমে গেছে -০.৬৫০-এ।
সব মিলিয়ে অতীত রেকর্ড ও বর্তমান ফর্মে আফগানিস্তান কিছুটা এগিয়ে। তবে ক্রিকেটে শেষ কথা বলে মাঠের পারফরম্যান্স। আজ যদি টাইগাররা নিজেদের সেরা খেলাটা দেখাতে পারে, তবে সুপার ফোরে জায়গা করে নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকবে।
আরটিভি/এসকে