images

খেলা / ফুটবল

বিশ্বকাপ ফুটবলের টিকিটের জন্য আবেদন অর্ধকোটি

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:৩৭ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আকাশছোঁয়া। প্রথম ধাপের টিকিট আবেদনে প্রায় অর্ধকোটি মানুষ অংশ নিয়েছেন। ফিফার সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ৯ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত হওয়া লটারিভিত্তিক আবেদন প্রক্রিয়ায় ৪৫ লাখের বেশি আবেদন জমা পড়েছে।

ফিফা জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে কারা টিকিট কেনার সুযোগ পাবেন, তা ২৯ সেপ্টেম্বর থেকে ই-মেইলের মাধ্যমে জানানো হবে। এরপর নির্বাচিতরা ১ অক্টোবর থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে টিকিট কিনতে পারবেন। এই ধাপে কেবল ভিসা ক্রেডিট কার্ডধারীরাই আবেদন করার সুযোগ পেয়েছেন।

টিকিট বিক্রিতে এমন ব্যাপক সাড়া দেখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, সংখ্যাগুলো শুধু চমকপ্রদ নয়, বরং শক্তিশালী বার্তাও দিচ্ছে। পুরো বিশ্ব চাইছে ২০২৬ ফিফা বিশ্বকাপের অংশ হতে। এটি হবে ইতিহাসের সবচেয়ে বড়, অন্তর্ভুক্তিমূলক ও রোমাঞ্চকর আয়োজন। ফুটবলের প্রতি আবেগই মানুষকে একত্র করে।

সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র থেকে। পাশাপাশি মেক্সিকো ও কানাডার সমর্থকদের আগ্রহও উল্লেখযোগ্য। আসন্ন বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের টিকিটের দাম সর্বনিম্ন ৬০ ডলার থেকে শুরু।

আরও পড়ুন
GERMANY

অবসর নিলেন জার্মানির বিশ্বকাপজয়ী ডিফেন্ডার জেরোমে বোয়াটেং

তবে প্রাথমিক আবেদনকারীদের সবাই যে টিকিট পাবেন, তার নিশ্চয়তা নেই। একজন ব্যক্তি প্রতি ম্যাচে সর্বোচ্চ চারটি এবং গোটা টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি টিকিট কিনতে পারবেন বলে ফিফা জানিয়েছে।

আরটিভি/এসকে