শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:৫০ পিএম
ফরাসি ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা তারকা জিনেদিন জিদান। এবার তারই ছেলে লুকা জিদান বেছে নিলেন বাবার শিকড়ের দেশ আলজেরিয়াকে। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, ২৭ বছর বয়সী এই গোলরক্ষককে আলজেরিয়ার হয়ে খেলার অনুমতি দিয়েছে ফিফা। বর্তমানে স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাব গ্রানাডার হয়ে খেলছেন তিনি। এ মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছেন লুকা।
ফ্রান্সের মার্শেইয়ে জন্ম নেওয়া লুকার পরিবারের শিকড় আলজেরিয়ায়। তার দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে ফুটবল ক্যারিয়ার শুরু করা লুকা খেলেছেন রেসিং সান্তেন্দার, রায়ো ভায়েকানো ও আইবারে।

২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি লুকা। তাই ফ্রান্সে সুযোগ সীমিত হয়ে আসায় এবার বেছে নিলেন আলজেরিয়া।
তবে আলজেরিয়ার জাতীয় দলে জায়গা পাকা করা সহজ হবে না তার জন্য। গোলরক্ষক পজিশনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে অ্যান্থনি মান্দ্রেয়া, আলেক্সিস গুয়ানদুজ ও উসামা বেনবটের সঙ্গে। দলের অভিজ্ঞ গোলরক্ষক আলেক্সান্দ্র ওকিদজা বর্তমানে ইনজুরিতে আছেন।
আগামী অক্টোবরেই বিশ্বকাপ বাছাইয়ে সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে মাঠে নামবে আলজেরিয়া। এরপর ডিসেম্বরে অংশ নেবে আফ্রিকা কাপ অব নেশনসে।
লুকার তিন ভাইও ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন। বড় ভাই এনজো ইতোমধ্যেই অবসরে গেছেন, আর থিও ও এলিয়াজ বর্তমানে খেলছেন স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসে।
আরটিভি/এসকে