সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩২ পিএম
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৩ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শিরোপা জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স।
সোমবার (২২ সেপ্টেম্বর) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গায়ানা। শুরুতেই আন্দ্রে রাসেলের বলে কুয়েন্টিন স্যাম্পসন আউট হলে তারা চাপের মধ্যে পড়ে। বেন ম্যাকডারমট ১৭ বলে ২৮ রান করলেও পাওয়ার প্লের শেষ ওভারে আউট হন। এরপর শাই হোপ, মইন আলি ও শিমরন হেটমায়ার দ্রুত ফেরায় গায়ানা ১২ ওভারে ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে।
তবে ইফতিখার আহমেদ ও ডোয়াইন প্রিটোরিয়াস ৪৩ রানের জুটি গড়ে দলের স্কোর সম্মানজনক করে তোলেন। শেষে রোমারিও শেফার্ডের ১৩ রানের অবদান পুঁজি ১৩০ রানে পৌঁছে দেয়। ত্রিনবাগোর পক্ষে সৌরভ নেত্রভাল্কার ৩ উইকেট এবং আকিল হোসেন ২ উইকেট নেন।
ত্রিনবাগোর শুরু ঝড়ো হলেও নিয়মিত উইকেট হারায় তারা। কলিন মুনরো ২৩, সুনিল নারিন ২২ ও অ্যালেক্স হেলস ২৬ রান করে আউট হন। তবে কাইরন পোলার্ডের ঝড়ো ব্যাটিং দলের জয় নিশ্চিত করে। মাত্র ১২ বল খেলে ৩ ছক্কায় ২৩ রান করে তিনি দলকে জয়ের পথে নিয়ে যান। টুর্নামেন্টজুড়ে পোলার্ড ১১ ইনিংসে ৩৮৩ রান করেন।
শেষে ইমরান তাহিরের ওভারে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও আকিল হোসেন ১৮তম ওভারের শেষ দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে শিরোপা ত্রিনবাগোর ঘরে তুলে দেন। গায়ানার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাহির।
এতে ত্রিনবাগো নাইট রাইডার্স ইতিহাসে পঞ্চমবারের মতো সিপিএল চ্যাম্পিয়ন হল। অন্যদিকে গায়ানা ১৩ আসরের মধ্যে ৮টি ফাইনাল খেলে ৭টিতেই পরাজিত হয়েছে।
আরটিভি/এসকে