images

খেলা / ক্রিকেট

ভারত সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা, বাদ দুই তারকা ক্রিকেটার

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ , ০১:৩২ পিএম

ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ তারকা মারনাস লাবুশেন ও গ্লেন ম্যাক্সওয়েলের। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

চলতি মাসেই ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ১৯ অক্টোবর শুরু হবে সিরিজটি। দুই ফরম্যাটেই নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

ব্যাট হাতে দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় থাকা লাবুশেনকে বাদ দিয়েছে নির্বাচকরা। তার জায়গায় সুযোগ পেয়েছেন ব্যাটার ম্যাট রেনশো। ১৪টি টেস্ট খেলা রেনশোর সামনে এবারই প্রথম ওয়ানডে অভিষেকের সুযোগ তৈরি হয়েছে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে নির্বাচকদের নজরে আসেন রেনশো। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ডারউইনে সেঞ্চুরি করার পরই আলোচনায় আসেন তিনি। তিন বা চার নম্বরে ব্যাট করতে পছন্দ করা এই ব্যাটসম্যান ২০২১ সালের পর থেকে লিস্ট ‘এ’ ক্রিকেটে গড়ে প্রায় ৪৯ রান করে আসছেন।

অন্যদিকে, কবজির ইনজুরি পুরোপুরি না সারায় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না গ্লেন ম্যাক্সওয়েল। এ ছাড়া অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন ওয়ানডে দলে থাকলেও জায়গা হয়নি টি-টোয়েন্টি স্কোয়াডে।

গত বছরের নভেম্বরের পর প্রথমবারের মতো ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। তার ফিরে আসায় অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন
la-liga

লা লিগার ম্যাচ হবে মায়ামিতে

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডরশুইস, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল ওয়েন, ম্যাথু রেনশো, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড  
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডরশুইস, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুহনেম্যান, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

আরটিভি/এসকে