images

খেলা / ফুটবল

নিজ দেশের ক্রিকেটারদের মেসির উদাহরণ দিলেন লারা

বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ , ০৯:২২ পিএম

অনেক বছর ধরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল দুঃসময়ের মধ্যে রয়েছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে এক সময়ের বিশ্বসেরা এই দল এখন তলানিতে। ভারত সফরের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে মাত্র আড়াই দিনেই হার তাদের দুরবস্থারই প্রমাণ।

এই হারের পর দলটির অধিনায়ক রোস্টন চেইস অবকাঠামো ও অর্থনৈতিক সংকটকে দায়ী করলেও কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা মনে করেন, মূল সমস্যা ক্রিকেটারদের মধ্যে দেশের হয়ে খেলার আবেগের অভাব।

সম্প্রতি ভারতে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লারা বলেন, অবশ্যই ভালো ক্রিকেট খেলার জন্য অর্থ ও প্রযুক্তি দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কি সত্যিই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চায়? ক্রিকেট কি তারা হৃদয়ে ধারণ করে?

লারার মতে, অতীতে আধুনিক সুযোগ-সুবিধা না থাকলেও খেলোয়াড়দের ভেতরে ছিল দেশের হয়ে খেলার গভীর আবেগ।
ভিভ রিচার্ডসদের সময়েও ভালো প্র্যাকটিস পিচ ছিল না, কিন্তু ওদের মনে ছিল জাতীয় গর্ব। আজকের তরুণদের সেই মানসিকতা ফিরিয়ে আনতে হবে, বলেছেন তিনি।

অর্থনৈতিক বৈষম্য মেনে নিয়েও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের জাতীয় দলের প্রতি দায়বদ্ধ থাকার পরামর্শ দেন লারা।
ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেশি অর্থ পাওয়া যায়, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার গর্বও কম কিছু নয়। প্রশাসনকেও এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে ক্রিকেটাররা বুঝতে পারে জাতীয় দলের মর্যাদা কতটা মূল্যবান।

লারা উদাহরণ হিসেবে তুলে আনেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে। মেসি ইউরোপে বেড়ে উঠেছে, খেলেছে বার্সেলোনা ও পিএসজিতে, কিন্তু দেশের হয়ে খেলতে গর্ববোধ করে। দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মতো আমাদের ক্রিকেটারদেরও দেশের জার্সি গায়ে তোলার আবেগটা ফিরিয়ে আনতে হবে।

লারার মতে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড তাদের ক্রিকেটারদের জাতীয় দলের প্রতি অনুগত রাখতে পেরেছে, ওয়েস্ট ইন্ডিজকেও সেই পথ খুঁজে বের করতে হবে।

এটা কারও প্রতি দোষারোপ নয়। খেলোয়াড়, কোচ, প্রশাসক সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে যদি সত্যিই হৃদয়ে রাখা যায়, তবে সামনে এগোনোর পথ অবশ্যই মিলবে।

আরও পড়ুন
ronaldo

বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু হবে আগামী ১০ অক্টোবর দিল্লিতে। এরপর ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের দল আসবে বাংলাদেশ সফরে।

আরটিভি/এসকে