images

খেলা / ক্রিকেট

৫ দল নিয়ে হবে বিপিএল, রংপুর-বরিশাল নিয়ে যা জানা গেল

শনিবার, ১১ অক্টোবর ২০২৫ , ০৮:২৩ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন ১২তম আসর ঘিরে শুরু হয়েছে প্রস্তুতির তোরজোড়। সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের পর নতুন কমিটি গঠিত হয়েছে। এই কমিটিতে বিপিএলের দায়িত্ব পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, আর সদস্য সচিব হয়েছেন ইফতেখার রহমান মিঠু। 

ইতোমধ্যে বিপিএল পরিচালনার দায়িত্ব বুঝে নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি (IMG)। প্রতিষ্ঠানটি আগামী তিন মৌসুম ধরে বিপিএলের আয়োজক হিসেবে কাজ করবে।

সব ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। আর টুর্নামেন্ট মাঠে গড়াবে ডিসেম্বরের শেষ সপ্তাহে।

তবে এবারের আসরে সবচেয়ে আলোচিত বিষয় ছিল কত দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসর। আগেই গুঞ্জন উঠেছিল, আগের আসরের তুলনায় দল সংখ্যা কমতে পারে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্য হলো।

বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন জানিয়েছেন, এবারের বিপিএলে সর্বোচ্চ পাঁচটি দল অংশ নিতে পারবে। তিনি বলেন, আগের মালিকানা যদি না থাকে, নতুন কেউ দল নিতে পারবে। ওপেন টেন্ডার দেওয়া হবে, যে কটি দল থাকবে তার মধ্যে বরিশাল থাকার সম্ভাবনা রয়েছে।

বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ৪ দলের জন্যও প্রস্তুতি নিয়েছি, ৫ দলের জন্যও নিয়েছি। ৬ দল হওয়ার কোনো সুযোগ নেই সর্বোচ্চ ৫ দল হতে পারে। টেন্ডার দেওয়া হবে, রংপুর-বরিশালসহ আগ্রহীরা ওপেন টেন্ডারে অংশ নিতে পারবে।

অর্থাৎ, এবারের বিপিএলে ৫ দল নিয়েই মাঠে গড়াবে প্রতিযোগিতা। রংপুর ও বরিশালের ভাগ্য নির্ভর করবে টেন্ডারের ফলাফলের ওপর।

বিপিএলের সম্ভাব্য সূচি: 

প্লেয়ার্স ড্রাফট: নভেম্বরের প্রথম সপ্তাহ

টুর্নামেন্ট শুরু: ডিসেম্বরের শেষ সপ্তাহ

সংখ্যা: সর্বোচ্চ ৫ দল

এবার দেখা যাক কোন পাঁচ দল মাঠে নামবে এবং কে কে পান নতুন মালিকানা এবারের বিপিএলে। 

আরটিভি/এসকে