images

খেলা / ফুটবল

ফিনালিসিমার মঞ্চ দোহা, স্পেন-আর্জেন্টিনা লড়াইয়ে ফুটবল বিশ্বে উত্তেজনা

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ০৯:০৯ এএম

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন এক ঐতিহাসিক দ্বৈরথের পথে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়ন স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ মার্চ, কাতারের দোহা’র লুসাইল স্টেডিয়ামে।

ফিফা সূত্রে জানা গেছে, বহু প্রতীক্ষিত এই ম্যাচ আয়োজনের প্রক্রিয়া এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। সময়সূচির জটিলতার কারণে ম্যাচটি দীর্ঘদিন ধরেই পিছিয়ে ছিল। তবে এবার আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোর সুযোগ কাজে লাগিয়ে ফিফা সব প্রস্তুতি সম্পন্ন করছে।

সম্ভাব্য ভেন্যু হিসেবে মায়ামি, রিয়াদসহ কয়েকটি শহরের নাম শোনা গেলেও বর্তমানে সবচেয়ে এগিয়ে আছে দোহা। এর অন্যতম কারণ দুই দেশের ভৌগোলিক মধ্যবর্তী অবস্থান, অনুকূল আবহাওয়া এবং সবচেয়ে বড় বিষয় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রধান আবাসস্থল দোহা।

যদি এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তাহলে ২০২২ বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক ভেন্যু লুসাইল স্টেডিয়াম আবারও বড় মঞ্চের সাক্ষী হতে যাচ্ছে। ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে পারে আরেকটি স্মরণীয় দিন, যেদিন একই মাঠে মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা ও রদ্রির স্পেন।

২০২২ সালের ১ জুন ওয়েম্বলিতে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে ফিনালিসিমা শিরোপা জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার সেই ট্রফি রক্ষা করতে নামবে তারা। অন্যদিকে, ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের জন্য এটি হবে প্রথমবারের মতো এই শিরোপা জয়ের সুযোগ।

সম্প্রতি কোপা আমেরিকা ২০২৪-এর ফাইনালে আর্জেন্টিনা ১–০ গোলে কলম্বিয়াকে পরাজিত করে শিরোপা জেতে। যেখানে ১১২তম মিনিটে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ।

অন্যদিকে, ইউরো কাপের ফাইনালে স্পেন ২–১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপ সেরার মুকুট পরে।

আরও পড়ুন
BABAR-AZAM

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন বাবর আজম

ফিফা জানিয়েছে, ওই সময়ে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নির্ধারিত থাকবে না, যাতে এই ফিনালিসিমা ম্যাচটি সর্বোচ্চ অগ্রাধিকার পায়। ফলে ২৮ মার্চ শনিবার দিনটি ফুটবল দুনিয়ার জন্য হতে যাচ্ছে এক উৎসবমুখর ঐতিহাসিক দিন।

আরটিভি/এসকে