images

খেলা / ক্রিকেট

সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ের পরও মন্ট্রিয়েলের শিরোপা স্বপ্নভঙ্গ

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ০১:০৯ পিএম

কানাডা সুপার সিক্সটির ফাইনালে মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্সের শিরোপা স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হয়নি। সাকিব আল হাসানের ঝোড়ো ২৯ রানের ক্যামিও চেষ্টা দলের জয় নিশ্চিত করতে পারল না।

টস হেরে আগে ব্যাট করতে নেমে মন্ট্রিয়েল ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলের সবাই একের পর এক উইকেট হারানো শুরু করে। ব্যাট হাতে সর্বোচ্চ অবদান রাখেন সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ১২ বল খেলে ২ চার ও ৩ ছক্কায় তিনি ২৯ রান করেন। ওপেনার দিলপ্রিত বাজওয়ার ১৮ রানের অবদান থাকলেও দলের মোট সংগ্রহ দাঁড়ায় মাত্র ৬৯ রানে। দলের অন্য কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

ব্র্যাম্পটন ব্লিটজের পক্ষে কানাডিয়ান বোলার ডিলন হেইলিগার সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। এছাড়া ডেভিড ভিসা ও ক্রিস গ্রিভস ৩টি করে উইকেট নেন। মন্ট্রিয়েলকে মাত্র ৬৯ রানে আটকে দিয়ে সহজ লক্ষ্য সেট করে দেন তারা।

জবাবে ব্যাট করতে নেমে ব্লিটজের ওপেনার উইল স্মিদ মাত্র ৭ রানে আউট হলেও মার্টিন গাপটিল ও জেমস ভিন্স ৫৩ রানের জুটিতে জয় নিশ্চিত করেন। গাপটিল ১৩ বল খেলে ২ ছক্কায় ২৩ রানে অপরাজিত থাকেন। ভিন্স ১৬ বল খেলে ৪ চার ও ২ ছক্কায় ৩৪ রান করেন। মন্ট্রিয়েলের পক্ষ থেকে ব্রাড কুরি ২ উইকেট নেন। সাকিবের বোলিং করার সুযোগ হয়নি, কারণ মাত্র ৫.৫ ওভারেই ফলাফল নিশ্চিত হয়ে যায়।

আরও পড়ুন
accident

রাজধানীতে বাসের ধাক্কায় ক্রিকেটার নিহত

ফাইনাল হেরে মন্ট্রিয়েলের শিরোপা স্বপ্ন চূড়ান্তভাবে ভঙ্গ হয়েছে। তবে সাকিবের ঝোড়ো ব্যাটিং একটি উজ্জ্বল মুহূর্ত হিসেবে মনে থাকবে।

আরটিভি/এসকে