মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ০১:৪২ পিএম
সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে, এবার লক্ষ্য কেবল সম্মান রক্ষা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মঙ্গলবার (১৪ অক্টোবর) হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
প্রথম দুই ম্যাচ হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে টাইগাররা। এবার তাদের সামনে একমাত্র লক্ষ্য জয়ে সিরিজ শেষ করে দেশে ফেরা। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনরা।
রিশাদ বলেন, দুইটা ম্যাচ হেরেছি। আমাদের প্ল্যান শেষ ম্যাচ জিতে দেশে ফেরা এবং পরের সিরিজে ভালো করা। দল হিসেবে খারাপ সময় যাচ্ছে, তবে সবাই ১১০ ভাগ দিচ্ছে। আশা করছি দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠব।
তিনি আরও বলেন, ব্যাটিংই এখন দলের প্রধান দুর্বলতা। বোলাররা ভালো করছে, কিন্তু ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে পারছে না। সবাই ভুল করছে, চেষ্টা করছি কীভাবে তা ঠিক করা যায়। আশা করছি দ্রুত ফিরে আসব।
সিনিয়র ক্রিকেটারদের ওয়ানডে অবসরের পর দল নতুন করে গঠনের পথে এমন প্রশ্নে রিশাদ বলেন, আমরা নতুন জার্নিতে যাচ্ছি। সাপোর্ট ও বিশ্বাস থাকলে ভালো কিছু করতে পারব, ইনশাআল্লাহ।

স্পিন কোচ মুশতাক আহমেদ মনে করেন, ব্যাটসম্যানরা প্রতিপক্ষের নাম দেখে খেলছেন, বোলিং পারফরম্যান্স দেখে নয়। তার ভাষায়, বাংলাদেশ ব্যাট করেছে রশিদ খানদের নাম দেখে, তাদের পারফরম্যান্স বিশ্লেষণ করে নয়।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ২২১ রানে অলআউট হয়ে ৫ উইকেটে হারে। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ১৯০ রানে থামিয়েও ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৯ রানে অলআউট হয়ে সিরিজ হার নিশ্চিত হয়।
এই সিরিজটি র্যাঙ্কিংয়ের জন্যও গুরুত্বপূর্ণ ছিল। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারায় প্রশ্ন উঠেছে বাংলাদেশ কি সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে?
বিসিবি জানিয়েছে, এখনো অন্তত ২৪টি ওয়ানডে বাকি আছে, যেখানে ভালো ফল করলে সেরা নয় দলের মধ্যে থাকা সম্ভব। তবে ধারাবাহিক ব্যর্থতা চলতে থাকলে র্যাঙ্কিং আরও নিচে নেমে যেতে পারে, ফলে ২০২৭ বিশ্বকাপের সরাসরি খেলার আশা ক্ষীণ হতে পারে।
আরটিভি/এসকে