সোমবার, ২০ অক্টোবর ২০২৫ , ০৮:৫৪ এএম
চমক রেখে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দীর্ঘ বিরতির পর সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দলের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসন। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর এটাই হবে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার নাথান স্মিথও। নিয়মিত অধিনায়ক অনুপস্থিত থাকায় সিরিজে মিচেল স্যান্টনার নেতৃত্ব দেবেন কিউইদের।
উইলিয়ামসন সম্প্রতি নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে ‘ক্যাজুয়াল চুক্তি’তে থাকার কারণে নিয়মিত ছিলেন না জাতীয় দলে। তিনি অংশ নিয়েছিলেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ও ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ে সফরেও ছিলেন দলের বাইরে। ফাঁকে আইপিএলের দল লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন অভিজ্ঞ এই ব্যাটার।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও, ওয়ানডে সিরিজে উইলিয়ামসনের ফেরার জোর গুঞ্জন ছিল। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হলো। গত আগস্টে জিম্বাবুয়ে সফরে তলপেটে চোট পাওয়া নাথান স্মিথও এই স্কোয়াডে জায়গা পেয়েছেন।
তবে চোটের কারণে এই সিরিজে থাকবে না একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, উইল ও’রউরকে, গ্লেন ফিলিপস এবং বেন সিয়ার্স চোটের কারণে ছিটকে গেছেন।
নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ অক্টোবর মাউন্ট মঙ্গানুইতে। পরের দুটি ম্যাচ হবে ২৯ অক্টোবর হ্যামিল্টনে এবং ১ নভেম্বর ওয়েলিংটনে।
আরটিভি/এসকে