সোমবার, ২০ অক্টোবর ২০২৫ , ১২:৫৮ পিএম
সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের পর ঢাকার ক্লাব ক্রিকেটের অনেক সংগঠন ঘরোয়া ক্রিকেট লিগ বর্জনের ঘোষণা দিয়েছিল। মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান ৮ অক্টোবর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনে শেষ মুহূর্তে সরে দাঁড়ানো জাতীয় ক্রিকেটার তামিম ইকবালও ক্লাবগুলোর ক্ষোভের অংশ ছিলেন।
গতকাল রাতে একটি হোটেলে সেই ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বৈঠকে উপস্থিত ছিলেন তামিম ইকবালও। কোয়াব সভাপতি মিঠুন বৈঠকের পর বলেন, ২ ঘণ্টার বেশি আলোচনা হয়েছে। ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থই আমাদের প্রধান লক্ষ্য ছিল। আমরা অনেকাংশে বোঝাতে পেরেছি যে, ক্রিকেট বন্ধ করা ঠিক হবে না, অনেকের রুটি-রুজির বিষয়ও রয়েছে।
মিঠুন আরও জানান, তামিম ইকবাল বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সবার সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছেন। ৮০ ভাগ মানুষ ইতিমধ্যেই আমাদের পক্ষে মত দিয়েছেন। কিছুজনকে এখনও রাজি করতে পারিনি, আশা করি তারাও মেনে নেবেন। দিনের শেষে ক্রিকেটের জয় হবে।
মিঠুন আশা প্রকাশ করেন যে, আরও কয়েকটি বৈঠকের মাধ্যমে সব কিছু ইতিবাচক দিকেই এগোবে। এছাড়া ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সব ক্লাবের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং যারা খেলবেন না বলেছিলেন, তাদেরও অংশগ্রহণ নিশ্চিত করতে আশাবাদী।
বিসিবি আগামী ২২ অক্টোবর বৈঠক করবে। নভেম্বরের ১ ও ২ তারিখ খেলোয়াড় ট্রান্সফারের জন্য নির্ধারিত, এবং ৮ থেকে ১০ নভেম্বরের মধ্যে শুরু হবে প্রথম বিভাগ লিগ। গত আসরে ২০ দল অংশগ্রহণে মোট ১২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
আরটিভি/এসকে