images

খেলা / ফুটবল

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ , ১০:৪৬ এএম

সদ্য শেষ হওয়া এল ক্লাসিকোতে গোল না পেলেও বার্সেলোনার রক্ষণভাগের কঠিন পরীক্ষা নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু ৭১তম মিনিটে তাকে বদলি করে মাঠে নামানো হয় রদ্রিগোকে, যা মানতে পারেননি ভিনি। মাঠ ছাড়ার সময় আলোনসোর দিকে চিৎকার করে বলেন, সব সময় আমাকেই কেন! আমি যাচ্ছি, দল ছেড়ে যাচ্ছি।

ব্রাজিলিয়ান এই ফুটবলার এমন আচরণ নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে বুধবার প্রকাশ্যে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন ভিনিসিয়ুস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভিনিসিয়ুস লিখেছেন, আজ আমি রিয়াল মাদ্রিদের সব সমর্থকের কাছে ক্ষমা চাইছি এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর আমার প্রতিক্রিয়ার জন্য। আমি ইতিমধ্যে সতীর্থদের, ক্লাব এবং প্রেসিডেন্টের কাছেও ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছি।

আরও পড়ুন
LITO____N_copy

শুভ জন্মদিন ‘ফুটবল ঈশ্বর’ ম্যারাডোনা

তিনি আরও বলেন, আমার আবেগ কখনও কখনও আমাকে নিয়ন্ত্রণ করে ফেলে, কারণ আমি সবসময় জিততে চাই এবং দলকে সাহায্য করতে চাই। আমার প্রতিযোগিতামূলক মনোভাব আসে এই ক্লাবের প্রতি ভালোবাসা থেকে।

তবে ক্ষমা প্রার্থনায় কোচ জাবি আলোনসোর নামটি উল্লেখ করেননি তিনি। আলোনসোর অধীনে দায়িত্ব নেওয়ার পর থেকেই দুজনের সম্পর্ক কিছুটা টানাপড়েনের মধ্যে রয়েছে।

চলতি মৌসুমে অধিকাংশ ম্যাচেই আলোনসো ভিনিসিয়ুসকে মাঝপথে বদলি করে ফেলেছেন, যদিও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার জুটি ছিল বেশ কার্যকর।

এল ক্লাসিকো শেষে মাঠের বাইরে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় পেদ্রির লাল কার্ডের পর। তখন ভিনিসিয়ুসও আবার মাঠের পাশে চলে আসেন এবং তাকে শান্ত করতে সতীর্থদের হস্তক্ষেপ করতে হয়।

আরটিভি/এসআর-টি