শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ০৮:২১ পিএম
বাংলাদেশ ক্রিকেটে নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি ঘোষণা দিয়েছে, আগামী ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে টেস্ট দলের অধিনায়ক হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত। গত জুন মাসে শ্রীলঙ্কা সফরের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর টেস্ট অধিনায়কত্ব থেকে সরে আসার পর দীর্ঘ সময় টেস্ট দলের অধিনায়ক ঘোষণা না করেছিল বাংলাদেশ। এবার সেই শূন্যস্থান পূরণ হলো শান্তের হাতে।
নাজমুল শান্ত ২০২৩ সাল থেকে টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন। অধিনায়কের দায়িত্বে তিনি বাংলাদেশকে পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট জেতানোর গৌরবও অর্জন করেছেন। মোট ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ৪টি জয়, ১টি ড্র এবং ৯টি হারের রেকর্ড রয়েছে তার।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুল শান্ত বলেন, বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। বোর্ডের আস্থা ও বিশ্বাসে আমি কৃতজ্ঞ। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
আগামী ১১ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ঘরোয়া টেস্ট সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে নেতৃত্ব দেবেন শান্ত। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এবার তিন ফরম্যাটেই ভিন্ন অধিনায়ক থাকবে টাইগার দলে টি-টোয়েন্টিতে লিটন দাস, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টেস্টে নাজমুল হোসেন শান্ত। নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশের টেস্ট ক্রিকেট নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।
আরটিভি/এসকে