বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ , ০১:৩০ পিএম
বুধবার (৫ নভেম্বর) অকল্যান্ডের ঐতিহাসিক ইডেন পার্কে শুরু হচ্ছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজের মধ্য দিয়ে দুই দল শুরু করছে পূর্ণাঙ্গ সফর। যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই মুখোমুখি হবে এই দুই দল।
সাম্প্রতিক পারফরম্যান্সের দিক থেকে নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারলেও কিউইরা দ্রুত ঘুরে দাঁড়িয়ে ওয়ানডেতে সফরকারীদের ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। এই আত্মবিশ্বাস নিয়েই তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামছে।
মিচেল স্যান্টনারের নেতৃত্বে মাঠে নামবে নিউজিল্যান্ড। দলে রয়েছেন ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল ও ইশ সোধির মতো নির্ভরযোগ্য তারকা খেলোয়াড়। ঘরের মাঠের অভিজ্ঞতা ও ব্যাটিং গভীরতার দিক থেকেও কিউইরা ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজও দারুণ ছন্দে আছে। তারা সাম্প্রতিক সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসীর তুঙ্গে রয়েছে। ক্যারিবিয়ানরা চাইছে সেই ধারাবাহিকতা নিউজিল্যান্ড সফরেও বজায় রাখতে। শাই হোপের নেতৃত্বে দলে রয়েছেন ব্র্যান্ডন কিং, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার ও আকিল হোসেনের মতো ইনফর্ম খেলোয়াড়।
ইডেন পার্কের ছোট বাউন্ডারি ও ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটারদের জন্য থাকবে সুযোগ, তবে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ ও কন্ডিশনের অভিজ্ঞতা তাদের এগিয়ে রাখছে।
আরটিভি/এসকে