বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ১১:৪৬ এএম
আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। এরপরই পদত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ফলে সালাউদ্দিনের সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও এখন আলোচনার কেন্দ্রে।
তবে সালাউদ্দিনের সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে বলে জানিয়েছেন আশরাফুল। সম্প্রতি ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি।
আশরাফুল বলেন, সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে, আমি সেরকম (সম্পর্ক খারাপ হওয়ার মতো) কেউ নই। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গেও সম্পর্ক ভালো। আমি যখন অধিনায়ক ছিলাম তখনও সালাউদ্দিন ভাই কাজ (কোচিং) করেছেন। তাই যেমনটা ভাবা হচ্ছে, তেমন কিছু নয়।
গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হয়েছিলেন সালাউদ্দিন। ঠিক এক বছরের মাথায় গতকাল (৫ নভেম্বর) তিনি দায়িত্ব ছাড়তে চেয়ে বিসিবিকে পদত্যাগপত্র দিয়েছেন। তার অধীনে সাম্প্রতিক সময়ে ব্যাটিং পারফরম্যান্স ভালো ছিল না জাতীয় দলের।
তাই আসন্ন আয়ারল্যান্ড সিরিজের আগে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান আশরাফুল। এর মধ্য দিয়ে এক সময়ের পোস্টারবয় ১১ বছর পর আবারও জাতীয় দলের ড্রেসিংরুমে ফিরছেন।
এ নিয়ে তিনি বলেন, ক্রিকেট ছাড়ার পর গত দুই বছর ধরেই কোচিং নিয়ে পরিকল্পনা করছিলাম। আমি মাঠেই থাকতে চেয়েছি, সে অনুসারে কোচিংয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আবারও বাংলাদেশের ড্রেসিংরুমে ফিরতে পেরে আমি খুবই খুশি।
‘যেখানে ১৩ বছর অনেক কোচের অধীনে খেলেছি। অনেক কিছু দেখেছি এখানে। এখন সেসবই ভাগাভাগি করে নিতে চাই বর্তমান ক্রিকেটারদের সঙ্গে এবং এই অনুভূতি দারুণ।’
নিজের খেলোয়াড়ী জীবনে সাফল্য-ব্যর্থতা ও ফর্ম-অফফর্মের নেপথ্য কারণ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে কাজ করার প্রত্যাশা আশরাফুলের। সাবেক এই তারকা ক্রিকবাজকে বলেন, কীভাবে সফল হয়েছি এবং যে কারণে হতে পারিনি, কীভাবে ধারাবাহিক হয়েছিলাম এবং আবার কেন অধারাবাহিক হয়ে পড়ি– এসবের নেপথ্য কারণ আমি তাদের সঙ্গে ভাগাভাগি করার চেষ্টা করব।
তিনি আরও বলেন, এই খেলায় কৌশলগত দিকের চেয়ে মানসিকভাবে বেশি শক্তিশালী হতে হবে, জাতীয় দলের ড্রেসিংরুমে আমি এসব নিয়েই কাজ করব। এ নিয়ে যদি আপনার স্পষ্ট ধারণা থাকে, ব্যাটিং-পারফরম্যান্স দুটোই করা সহজ হবে।
আরটিভি/এসআর