বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ০৮:৪৪ পিএম
বিপিএল থেকে ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর এসেছে। আগামী আসরে সিলেটের নতুন দল ‘সিলেট টাইটান্স’ চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। দলটির গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদ। বিশেষ করে মিরাজকে দেওয়া হয়েছে দলের অধিনায়কের দায়িত্ব। যা নিশ্চিত করেছে দলটির বিশ্বস্ত সূত্র।
টাইটান্সের সঙ্গে কোচিং স্টাফ নিয়োগের ক্ষেত্রেও বেশ পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের একজন অভিজ্ঞ পেস বোলিং কোচ দলে দায়িত্ব পালন করবেন, পাশাপাশি একজন বিদেশি প্রধান কোচ থাকবেন। এ ছাড়া টিম ডিরেক্টরের নামও চূড়ান্ত করেছে দলটি।
গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বারের মালিকানা তালিকা অনুযায়ী, বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে, রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছে নাবিল গ্রুপ, সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে ‘ক্রিকেট উইথ সামি’ এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা এসেছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)-এর কাছে।
বিপিএলের উত্তেজনা এবার নতুন মাত্রায় পৌঁছাতে চলেছে। যেখানে নতুন দল সিলেট টাইটান্সের অধিনায়ক মিরাজ ও নাসুম দলকে শক্তিশালী করবে আশা করছেন ভক্তরা। আগামী খেলায় তাদের পারফরম্যান্স কেমন হবে, সেটাই এখন দেখার বিষয়।
বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত
. রংপুর রাইডার্স
. ঢাকা ক্যাপিটালস
. সিলেট টাইটান্স
. রাজশাহী ওয়ারিয়র্স
. চিটাগং রয়েলস
আরটিভি/এসকে/এস