বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ০৮:৫৯ পিএম
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগামী কয়েক দিনের মধ্যে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসির কাছে খসড়া সূচি জমা দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানায়, বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের বিশ্বকাপ সীমিত সংখ্যক শহরে আয়োজন করা হবে, যেখানে প্রতিটি ভেন্যুতে অন্তত ছয়টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ভেন্যু তালিকায় রয়েছে আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই। এছাড়া শ্রীলঙ্কার তিনটি মাঠেও কিছু ম্যাচ আয়োজন করা হবে, যদিও সেগুলোর নাম এখনও প্রকাশ করা হয়নি।
বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে। তবে বেঙ্গালুরু ও লখনৌ এই তালিকায় থাকছে কি না তা এখনো নিশ্চিত নয়। নারী ওয়ানডে বিশ্বকাপের কারণে গৌহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর ও নবী মুম্বাই এবার বাদ পড়েছে।
দু’দেশের পূর্বের সমঝোতা অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ মাটিতে কলম্বোতে অনুষ্ঠিত হবে। বিসিসিআই বিষয়টি নিশ্চিত করেছে এবং ভবিষ্যতেও দুই দল একে অপরের দেশে না গিয়ে তৃতীয় কোনো দেশে ম্যাচ খেলবে। যদি শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠে, তাদের ম্যাচ হবে কলম্বোতে, আর পাকিস্তান যদি ফাইনালে পৌঁছায় তবে ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যুতে।
টুর্নামেন্ট ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ শেষ হবে। চারটি গ্রুপে ভাগ হয়ে ২০ দল মূল পর্বে খেলবে। গ্রুপ পর্ব শেষে আট দল উঠবে সুপার এইটে, যেখানে দুই গ্রুপের দল একে অপরের বিপক্ষে খেলবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তানও যোগ পেয়েছে। বাছাইপর্ব থেকে বিশ্বকাপে খেলবে কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, ওমান, নেপাল ও আরব আমিরাত।
সব মিলিয়ে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে উত্তেজনাপূর্ণ ও জমজমাট, যেখানে বিশেষ নজর থাকবে আহমেদাবাদের বিশাল ফাইনাল আয়োজনের ওপর।
আরটিভি/এসকে