শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ০৪:২৪ পিএম
নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের বিষয়ে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তিনি বলেন, জাহানারা যদি আনুষ্ঠানিকভাবে আইনি পদক্ষেপ নিতে চান, তবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখবে।
সম্প্রতি এক ক্রীড়া সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম বিসিবির সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ তোলেন।
অভিযোগের পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি, যা আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়ের নজরেও এসেছে। সাবেক এই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে মন্ত্রণালয় এবং সরকারি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে যেন জড়িত কেউ শাস্তি এড়িয়ে যেতে না পারে।
তিনি আরও জানান, যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি। এ ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রেও আমরা এমন ঘটনা শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যেন কেউ এমন অপরাধ করে পার পেয়ে যেতে না পারে, যোগ করেন তিনি।
আরটিভি/এসকে