সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ০২:৩৩ এএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিসিবি সূত্রে জানা গেছে, হার্টে ব্লক ধরা পড়ায় সন্ধ্যায় হার্টে রিং পড়ানো হয়েছে তার।
বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে আছেন ফারুক। শারিরীক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে তার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালই স্থানান্তর করা হতে পারে কেবিনে।
রোববার (৯ নভেম্বর) হার্টে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে রিং পরানো (এনজিওপ্লাস্টি) সিদ্ধান্ত নেয়া হয়।
পরে সন্ধ্যায় ফারুক আহমেদের হার্টে রিং পরানো হয়েছে। অস্ত্রোপচার সফল হওয়ায় বর্তমানে তিনি শঙ্কামুক্ত। তবে এখনও তাকে সিসিইউতে রাখা হয়েছে।
ঢাকার পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ফারুক আহমেদ।
গত বছর পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর বিসিবির সভাপতির পদে বসেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক। কিন্তু গত মে মাসে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
এরপর অক্টোবরে বিসিবির পরিচালক পদে নির্বাচিত হলে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
আরটিভি/একে