সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ০৯:৩৯ এএম
বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে সম্প্রতি একাধিক অভিযোগ তুলেছেন পেসার জাহানারা আলম। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এই অভিজ্ঞ পেসার।
জাহানারার অভিযোগ, অধিনায়ক জ্যোতি নাকি জুনিয়রদের দিয়ে নিজের ব্যক্তিগত কাজ করাতেন এবং কখনও কখনও তাদের সঙ্গে খারাপ আচরণও করতেন। এ নিয়ে ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জ্যোতির ভাই সম্রাট সালাউদ্দিন। রোববার (৯ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়ে তিনি অভিযোগগুলোকে দুঃখজনক ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন।
এ বিষয়ে সম্রাট লেখেন, সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দল নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা খুবই দুঃখজনক। জাহানারা আলম সাবেক ম্যানেজার মঞ্জুর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা অত্যন্ত গুরুতর। এই অভিযোগের যদি বিন্দুমাত্র সত্যতাও থাকে, তাহলে দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমি এই বিষয়ে সুষ্ঠু তদন্ত চাই, যেন ক্রীড়াঙ্গনে নারীদের বিচরণ নিরাপদ হয়।
তিনি আরও বলেন, গ্রুপিংয়ের বিষয়ে জ্যোতিকে জড়িয়ে যে অপপ্রচার চলছে তা খুবই হতাশাজনক। যারা এটি করছেন, তারা ব্যক্তিগত আক্রোশ থেকেই করছেন বলে আমি বিশ্বাস করি। সিন্ডিকেট কারা করত, তা সবাই জানে সাবেক কোচ হাসান তিলকারত্নের বিদায়ী সাক্ষাৎকারেই তা পরিষ্কার হয়ে গেছে।
নিজের পোস্টে জ্যোতির ভাই সাবেক ক্রিকেটারদের প্রতিও আহ্বান জানান। জাহানারা, রুমানা আপনারা নারী ক্রিকেটকে আজকের অবস্থানে আনতে অনেক অবদান রেখেছেন। কিন্তু দল থেকে বাদ পড়ার জন্য জ্যোতির ওপর দোষ চাপানো ঠিক না। ব্যাগ টানা, তেল দেওয়া বা বকাঝকা করা এগুলো ড্রেসিং রুমের সাধারণ বিষয়। এগুলো ভালোবাসা ও টিম বন্ডিংয়ের অংশ, সিন্ডিকেট না, লেখেন তিনি।
সম্রাটের মতে, যারা নারী ক্রিকেট নিয়ে খোঁজখবর রাখেন তারাই বলতে পারবেন জ্যোতির হাত ধরে বাংলাদেশের নারী ক্রিকেট দল বিশ্বদরবারে কতটুকু এগিয়েছে।
আরটিভি/এসকে