সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ০১:৫০ পিএম
আসন্ন এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের গ্রুপ পর্বে শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (১০ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ড্রয়ে বাংলাদেশকে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভিয়েতনাম, চীন ও স্বাগতিক থাইল্যান্ড যারা সবাই ফিফা নারী র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে।
বাংলাদেশের বর্তমান ফিফা উইমেনস র্যাঙ্কিং ১০৪, যেখানে ভিয়েতনাম রয়েছে ৩৭ নম্বরে, চীন ১৬ এবং থাইল্যান্ড ৫৩ নম্বরে। ফলে আফঈদা খন্দকার, মোসাম্মত সাগরিকা ও সতীর্থদের জন্য নকআউট পর্বে জায়গা করে নেওয়া হবে বড় চ্যালেঞ্জ।
উল্লেখ্য, ২০০৬ সালের এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ছিল চীন। অন্যদিকে, থাইল্যান্ড সম্প্রতি বাংলাদেশ সিনিয়র নারী দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল।
আগামী ২০২৬ সালের এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। সেখান থেকে সেমিফাইনালে ওঠা চারটি দল সরাসরি ২০২৬ অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে (পোল্যান্ডে অনুষ্ঠিতব্য) খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ গত আগস্টে অনুষ্ঠিত বাছাইপর্বে দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুরের গ্রুপে রানার্সআপ হয়ে মূলপর্বে জায়গা করে নেয়।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের গ্রুপিং
গ্রুপ এ: বাংলাদেশ, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম।
গ্রুপ বি: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।
গ্রুপ সি: জাপান, অস্ট্রেলিয়া, চায়নিজ তাইপে ও ভারত।
আরটিভি/এসকে