সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ০২:১২ পিএম
অন্টারিও প্রদেশজুড়ে মৌসুমের প্রথম তুষারঝড়ের মধ্যে নাটকীয় এক ফাইনালে শেষ হাসি হাসল অ্যাতলেটিকো অটোয়া। প্রায় চার ঘণ্টা ধরে চলা রুদ্ধশ্বাস লড়াইয়ে অতিরিক্ত সময়ের গোলে শমিত সোমের দল ক্যাভালরি এফসিকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো কানাডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে অটোয়া।
বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি ছিল বারবার থেমে-চলা এক যুদ্ধ। প্রবল তুষারপাতের কারণে ৯০ মিনিটের খেলায় পাঁচবার খেলা বন্ধ রাখতে হয়। এমনকি ম্যাচ শুরুও বিলম্বিত হয় ২০ মিনিটের বেশি সময়।
ম্যাচের শুরুতে এগিয়ে ছিল শমিতদের ক্যাভালরি এফসি। ৩৩ মিনিটে মিডফিল্ডার ফ্রেজার এয়ার্ডের পেনাল্টি গোলে এগিয়ে যায় দলটি। তবে আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র সাত মিনিট পর অটোয়ার রদ্রিগেজের অসাধারণ বাইসাইকেল কিক গোলে সমতায় ফেরে খেলা।
বিরতির পরও তুষারঝড়ের দাপটে দুই দলই স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। তবুও অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মেক্সিকোর ডেভিড রদ্রিগেজের জয়সূচক গোলে অটোয়া নিশ্চিত করে তাদের ইতিহাস গড়া শিরোপা।
ফাইনালের এই লড়াইয়ে তুষারঝড় যেমন ছিল বাধা, তেমনি ছিল নাটকীয়তার উপাদান। শেষ পর্যন্ত শমিত সোমের ক্যাভালরি এফসির কপাল পুড়ে, আর আনন্দে ভাসে রাজধানী অটোয়ার সমর্থকরা।
ম্যাচ শেষে তুষারে ঢাকা মাঠে খেলোয়াড়দের উদযাপন দৃশ্য ফুটবলপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে।
আরটিভি/এসকে