images

খেলা / ফুটবল

শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেন রোনালদো

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ১২:৩০ পিএম

বর্ণাঢ্য ক্যারিয়ারের সায়াহ্নে এসে শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিলেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আগামী ২০২৬ বিশ্বকাপই হবে তার আন্তর্জাতিক মঞ্চে শেষ আসর,এমনটাই জানিয়েছেন তিনি। 

রিয়াদে অনুষ্ঠিত এক পর্যটন সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ৪০ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, অবশ্যই আগামী বছরই আমি শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছি। ওই সময় আমার বয়স হবে ৪১ বছর। আমি মনে করি, বিশ্ব মঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় এসেছে।

রোনালদো আরও যোগ করে বলেন, সত্যি বলতে কি, আমি দ্রুত বলেছি ঠিকই সেটা হতে পারে এক থেকে দুই বছরের মধ্যেই। এখনো আমি খেলার মধ্যে আছি, উপভোগ করছি।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্ব মাতিয়ে চলা রোনালদোর ক্যারিয়ারে এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গোলের সংখ্যা ৯৫০-এর বেশি। ইউরোপীয় ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের জার্সিতে অসংখ্য রেকর্ড গড়েছেন তিনি।

২০২৩ সালে সৌদি আরবের আল নাসর ক্লাবের সঙ্গে চুক্তি করে নতুন অধ্যায়ে পা রাখেন এই পর্তুগিজ তারকা। তার পথ ধরেই পরবর্তীতে বেশ কয়েকজন ইউরোপিয়ান তারকাও সৌদি লিগে যোগ দেন।

যদিও দেশের হয়ে ইউরো জয়ের গৌরব অর্জন করেছেন রোনালদো, এখনো বিশ্বকাপ ট্রফি অধরা তার হাতে। ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে পর্তুগাল, যদি তারা বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে হারাতে পারে, তাহলেই নিশ্চিত হবে তাদের ২০২৬ বিশ্বকাপের টিকিট।

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের পরবর্তী আসর। আর সেখানেই শেষবারের মতো মাঠে দেখা যেতে পারে ‘CR7’ নামে বিশ্বজুড়ে পরিচিত পাওয়া এই মহাতারকাকে। 

আরটিভি/এসকে