সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ০৬:৫৭ পিএম
দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশ পেয়েছে স্বপ্নের মতো শুরু। সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে লাল–সবুজের মেয়েরা।
১১ জাতির অংশগ্রহণে আয়োজিত এই আসরের প্রথম ম্যাচের শুরুটা যদিও ছিল কিছুটা সতর্ক। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামা উগান্ডা শারীরিক শক্তি ও গতির দাপটে প্রথমার্ধে দারুণ লড়াই করে। ফলে প্রথম ২০ মিনিট শেষে মাত্র দুই পয়েন্টের লিড (১৪-১২) নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
পুরো ম্যাচজুড়েই ব্যতিক্রমী পারফরম্যান্স উপহার দেন স্মৃতি আক্তার। মূলত ডিফেন্ডার হলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে রেইডে গিয়ে দলকে উদ্ধার করেন তিনি। দ্বিতীয়ার্ধে ‘ডু অর ডাই’ রেইডে টানা দুইজনকে আউট করে দলকে ম্যাচে ফেরাতে বড় ভূমিকা রাখেন স্মৃতি।
এর পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে। দ্বিতীয়ার্ধে দুইবার উগান্ডাকে অলআউট করে ব্যবধান আরও বাড়িয়ে নেয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত বাংলাদেশ তুলে নেয় ৪২ পয়েন্ট, যেখানে উগান্ডা পায় মাত্র ২২ পয়েন্ট।
ম্যাচ শেষে স্মৃতি আক্তার বলেন,শুরুতে আমরা কিছুটা চাপ অনুভব করছিলাম। যেহেতু উগান্ডার সঙ্গে আগে কখনো খেলিনি, ওদের বুঝতে সময় লেগেছে। পরে আমরা নিজেদের ছন্দে ফিরেছি। প্রথম বিশ্বকাপে দেশের হয়ে খেলতে পারছি এটাই সবচেয়ে বড় আনন্দ। আশা করি সবাই মিলে বাংলাদেশকে পদক এনে দিতে পারব।
দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জার্মানির। অন্যদিকে উগান্ডা বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে থাইল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের এ জয়ে নারী কাবাডি বিশ্বকাপে স্বপ্ন আরও বড় হলো।এবার লক্ষ্য সরাসরি পদক!
আরটিভি/এসকে