বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০২:০৬ পিএম
মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করল বাংলাদেশ। সেঞ্চুরি করেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস। প্রথম ইনিংসে ৪৭৬ রানে অলআউট হয়ে বড় সংগ্রহ গড়েছে স্বাগতিকরা।
শততম টেস্টে নামার দিন থেকেই বিশেষ আলোচনায় ছিলেন মুশফিক। প্রথম দিন ৯৯ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় দিনের প্রথম সেশনেই পূর্ণ করেন সেঞ্চুরি যা তার ক্যারিয়ারের ১৩তম এবং টেস্ট ইতিহাসে মাত্র ১১তম ক্রিকেটার হিসেবে ‘শততম টেস্টে সেঞ্চুরি’ করার অনন্য কীর্তি। তবে শতক স্পর্শ করার পরপরই আউট হয়ে ফেরেন তিনি।
এরপর দায়িত্ব নেন লিটন দাস। দারুণ দাপট দেখিয়ে তিনি ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। তার ব্যাটে ইনিংসটি বড় আকার ধারণ করে। মুমিনুল হকও দলের বড় সংগ্রহে অবদান রাখেন একটি পরিপাটি হাফ সেঞ্চুরিতে। তবে সেঞ্চুরি করা দুই ব্যাটসম্যান ছাড়াও আলোচনায় ছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫০ ছোঁয়ার আগেই ৪৭ রানে থেমেছেন তিনি।
অন্য ব্যাটাররা ব্যর্থ হওয়ায় দ্বিতীয় সেশনে গুটিয়ে যায় বাংলাদেশ। তবুও ৪৭৬ রানের শক্তিশালী সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় টাইগাররা।
আয়ারল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। অসাধারণ স্পেল করে তিনি একাই তুলে নেন ৬টি উইকেট।
মিরপুর টেস্টে বাংলাদেশের বড় প্রথম ইনিংস এখন ম্যাচের নিয়ন্ত্রণ দৃঢ়ভাবে তাদের হাতেই এনে দিয়েছে।
আরটিভি/এসকে