images

খেলা / ক্রিকেট

১৫০ বছরে প্রথমবার সাক্ষী হবে বিশ্ব

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০২:২৮ পিএম

অ্যাশেজ শুরুর আগেই ব্যাটে-বলে নয়, ইনজুরির দুঃসংবাদে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। একের পর এক চোটে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, শন অ্যাবট ও জশ হ্যাজলউড। তবে এই বিপত্তিই তৈরি করে দিয়েছে এক অনন্য সুযোগ। ১৫০ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার একাদশে জায়গা পেলেন দুই আদিবাসী ক্রিকেটার। 

পার্থে শুক্রবার (২১ নভেম্বর) শুরু হতে যাওয়া প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যেখানে আগে থেকেই নিশ্চিত ছিলেন স্কট বোল্যান্ড। তার সঙ্গে অভিষেক হচ্ছে ব্রেন্ডন ডগেটের। এই দুজনই আদিবাসী বংশোদ্ভূত। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন কেবল জেসন গিলেস্পি এবং পরবর্তীতে বোল্যান্ড। ফলে একই সঙ্গে দু'জন আদিবাসী ক্রিকেটারের টেস্ট একাদশে জায়গা পাওয়াটা ইতিহাসের নতুন অধ্যায়।

ইনজুরিতে ভরা স্কোয়াডে স্বাভাবিকভাবেই পেস নেতৃত্বে থাকছেন মিচেল স্টার্ক। তার সঙ্গে বোল্যান্ড ও ডগেট সামলাবেন পেস আক্রমণ। পেস অলরাউন্ডার হিসেবে ফিরেছেন ক্যামেরন গ্রিন। তার পূর্ণ সুস্থতা এবং অভিজ্ঞতার ওপর আস্থা রেখে বাদ পড়েছেন ব্যু ওয়েবস্টার, যিনি সাত টেস্টে চারটি ফিফটি ও ৮ উইকেট পেয়েছিলেন এবং ঘরোয়া ক্রিকেটেও ফর্মে ছিলেন।

টপ অর্ডারে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাঁ-হাতি ওপেনার জ্যাক ওয়েদারল্ড। ৩১ বছর বয়সী এই ব্যাটার ৭৭টি প্রথম শ্রেণির ম্যাচে ১৩ সেঞ্চুরি সহ ৫৩২২ রান করেছেন। উসমান খাজার সঙ্গে তিনি ওপেন করতে নামবেন।

এর মধ্য দিয়ে ২০১৯ সালের পর একই টেস্টে অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারের অভিষেক হতে যাচ্ছে (ডগেট ও ওয়েদারল্ড)। এর আগে ২০১৯ সালে হয়েছিল কার্টিস প্যাটারসন ও জাই রিচার্ডসনের অভিষেক। আরও পেছনে গেলে, ২০১১ অ্যাশেজেই একসঙ্গে অভিষেক করেছিলেন খাজা ও মাইকেল বিয়ার।

ইনজুরির ধাক্কায় দলে বিশাল পরিবর্তন হলেও, দুই আদিবাসী ক্রিকেটারকে নিয়ে টেস্ট একাদশ সাজানো—অস্ট্রেলিয়া ক্রিকেটে এক বিরল ঐতিহাসিক মুহূর্তই বটে।

পার্থ টেস্টে দুই দলের একাদশ 

অস্ট্রেলিয়া : উসমান খাজা, জ্যাক ওয়েদারল্ড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড ও ব্রেন্ডন ডগেট।

আরও পড়ুন
bd

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের রানের পাহাড়

ইংল্যান্ড : বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক) ও মার্ক উড।

আরটিভি/এসকে