শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০১:২২ পিএম
এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন ছিলেন সাদিও মানে। সম্প্রতি ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন তিনি। কখনও বাংলাদেশে আসনেনি বা ম্যাচও খেলেননি এই ফুটবলার। তবে সৌদি আরবে বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তিনি।
সম্প্রতি সাংবাদিক রিও ফার্ডিনান্ডের সঙ্গে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন সাদিও মানে।
বাংলাদেশিদের আতিথেয়তার স্মৃতিচারণ করে সাদিও মানে বলেন, একদিন রমজান মাসে হাঁটছিলাম। রাস্তার পাশে থাকা কয়েকজন মানুষ আমাকে ডেকে বলল- ‘এখানে এসে আমাদের সঙ্গে খাবার গ্রহণ করুন (ইফতার)।’
‘আমি বললাম বন্ধু, আপনি তো আমাকে চেনেন না, তাহলে কেন খেতে ডাকছেন?’ তারা বলল- ‘না না, কোনো সমস্যা নেই। এটা এখানে স্বাভাবিক, আপনি এলে খেতেই হবে।’ আমি ওদের আতিথেয়তায় মুগ্ধ। এই ঘটনা আমার মনে থাকবে।
সৌদি আরবে খেলতে গিয়ে দেশটির সংস্কৃতি, মানুষের আন্তরিকতা ও মুসলিম সমাজের আতিথেয়তায় দারুণভাবে মুগ্ধ হয়েছেন আফ্রিকার এক শীর্ষ তারকা ফুটবলার। সাক্ষাৎকারের শুরুতেই তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর উচ্ছসিত প্রশংসা করেন। এক পর্যায়ে আসে বাংলাদেশি প্রসঙ্গ।
সৌদি আরবে সাধারণত প্রচুর বাংলাদেশি শ্রমিক থাকেন। তারা ইউরোপ মাতানো এই ফুটবলারকে চিনতে পারেননি। সাদিও মানে বলেন, ওই মানুষগুলো বাংলাদেশ থেকে এসেছিল। তারা রাস্তায় বসে আহার করছিল। কিন্তু সত্যিই তারা আমাকে চিনত না।
তিনি আরও বলেন, আমি মজা করে বললাম- ‘আপনারা আমাকে সত্যিই চেনেন না? তবুও ডাকছেন?’ তারা বলল, ‘সবাইকেই খাওয়ার জন্য ডাকি’। এটাই মুসলিম সমাজের সৌন্দর্য, একসঙ্গে থাকা এবং ভাগ করে নেওয়া।
আরটিভি/এসআর