শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৪:৩০ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর একসঙ্গে ফুটবল খেলার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ট্রাম্প তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট করার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হোয়াইট হাউসের ওভাল অফিসের ভেতরে দুই তারকার এই ভার্চুয়াল ফুটবল নৈপুণ্য এখন আলোচনার কেন্দ্রে।
কিছুদিন আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউসে এক নৈশভোজে পর্তুগিজ তারকা রোনালদোকে আমন্ত্রণ জানান ট্রাম্প। এই বৈঠকের পর ট্রাম্প রোনালদোকে নিয়ে এআই ভিডিওটি পোস্ট করেন।
ভিডিওটিতে দেখা যায়, ওভাল অফিসের বিলাসবহুল পরিবেশে ট্রাম্প ও রোনালদো বল জাগলিং, হেডিং এবং ড্রিবল করার মতো কৌশল দেখাচ্ছেন। তারা একে অপরের কাছে বল পাস করছেন। ভিডিওটির শেষ দিকে ট্রাম্প হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বল ধরে ফেলেন এবং সেটি দর্শকদের দিকে কিক করেন।
রোনালদোকে দারুণ মানুষ হিসেবে উল্লেখ করে ট্রাম্প ভিডিওটির ক্যাপশনে লেখেন, “রোনালদো খুবই দারুণ একজন মানুষ। হোয়াইট হাউসে তার সঙ্গে দেখা করে ভালো লেগেছে। তিনি সত্যি বুদ্ধিমান ও খুবই শান্ত!!!— প্রেসিডেন্ট ডি জে টি।”
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভিডিওটি প্রায় ৩ কোটি ৪০ লাখ (৩৪ মিলিয়ন) বার দেখা হয়েছে এবং হাজারো মন্তব্যে ভরে উঠেছে।
দর্শকরা ভিডিওটির মজার দিক নিয়ে মন্তব্য করেছেন। একজন দর্শক লিখেছেন, “ট্রাম্প যেভাবে বল হেড করতে নিচু হন, সেটা আরও মজার লাগে।” অন্য একজন মজা করে লেখেন, “হেটাররা বলবে, এটা এআই।”
ট্রাম্পের এই এআই ভিডিওটি ছাড়ার আগে রোনালদো তার হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে ট্রাম্পের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে রোনালদো লেখেন, “আপনার আমন্ত্রণ এবং আমাকে ও আমার হবু স্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা দেয়ার জন্য ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট।”
আরটিভি/এআর