সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ১২:৩১ পিএম
ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো, তবুও ফুটবল মাঠে এখনও তরুণদের মতো দাপট দেখিয়ে যাচ্ছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারজুড়ে অনেক দর্শনীয় গোল করেছেন রোনালদো। তেমনই একটির দেখা মিলল সৌদি প্রো লিগে আল নাসর ও আল খালিজের ম্যাচে। সেই সঙ্গে দুর্দান্ত জয় পেয়েছে আল নাসর।
রোববার (২৪ নভেম্বর) রাতে ঘরের মাঠে আল খালিস ৪-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বাইসাইকেল কিকে বল জালে পাঠান রোনালদো।
৪০ বছর বয়সে এসে রোনালদোর এমন গোল প্রমাণ করে দেয়, তার ফিটনেসের মান এখনও কতটা উঁচুতে। একই সঙ্গে গোলটি মনে করিয়ে দেয়, সাত বছর আগে জুভেন্টাসের জার্সিতে বাইসাইকেল কিকে তার একইরকম গোলের কথাও।
হাজার গোলের পথে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা হলো ৯৫৪, এবারের সৌদি প্রো লিগে ৯ ম্যাচে ১০টি। একটি গোল বেশি করে লিগের সর্বোচ্চ স্কোরারের তালিকায় তার ওপরে আছেন কেবল ক্লাব সতীর্থ ফেলিক্স।
৯ ম্যাচে শতভাগ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আল হিলাল।
আরটিভি/এসআর