images

খেলা / ক্রিকেট

১১ মাস পর লাল বলে ফিরলেন উইলিয়ামসন

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ১২:৫১ পিএম

আগামী ২ ডিসেম্বর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে কিউই ক্রিকেট বোর্ড। এই সিরিজ দিয়ে প্রায় ১১ মাস পর নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন কেইন উইলিয়ামসন।

সবশেষ গত বছর ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিলেন উইলিয়ামসন। শেষ টেস্ট ইনিংসটিতে ১৫৬ রান করেছিলেন তিনি। দীর্ঘদিন পর ফেরাটা কেমন হয়, সেটাই দেখার পালা।

এ ছাড়াও ব্লেয়ার তিকনার ফিরেছেন প্রায় আড়াই বছরেরও বেশি সময় পর। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অভিষেক হওয়া এই পেসার শেষ টেস্টটি খেলেছিলেন ওই বছরের মার্চে।

আরও পড়ুন
Web-Image13

সাকিব-তাসকিন-সাইফদের খেলা দেখা যাবে ১৫০ দেশে!

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকে ৯ উইকেট শিকার করেছিলেন জ্যাক ফকস। যা কিউইদের মধ্যে অভিষেকে সেরা ম্যাচ ফিগার। ফকস ১৪ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন, তার সঙ্গে জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হয়েছিল জ্যাকব ডাফির। তিনিও রয়েছেন ১৪ সদস্যের দলে।

ওয়ানডে সিরিজে চোটে পড়েছিলেন ফরম্যাটটির এক নম্বর ব্যাটার ড্যারেল মিচেল। কুঁচকির চোট কাটিয়ে টেস্ট সিরিজের দলে তিনিও জায়গা করে নিয়েছেন। ফিটনেস নিয়ে কাজ করতে থাকা কাইল জেমিসন ও গ্লেন ফিলিপস বাদ পড়েছেন।

প্রথম টেস্টের জন্য নিউজিল্যান্ডের দল: টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার তিকনার, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং। 

আরটিভি/এসআর