মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ০২:১১ পিএম
আর্জেন্টাইন ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। জাতীয় দলের দীর্ঘদিনের সমন্বয়ক ও ম্যানেজার ওমর সাউতো আর নেই। ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন এই কিংবদন্তি ফুটবল সংগঠক, যিনি লিওনেল মেসিকে স্পেন দলে যেতে না দিয়ে আর্জেন্টিনার জার্সিতে নিয়ে আসার পেছনের প্রধান নায়ক হিসেবে পরিচিত।
এএফএ এক বিবৃতিতে জানায়, অপরিমেয় শোকের সঙ্গে আমরা ওমার সাউতোর মৃত্যু সংবাদ জানাচ্ছি। জাতীয় দলের প্রতি তার দায়িত্ববোধ, নিষ্ঠা ও মানবিকতা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া বলেন, আজ আকাশ আরও একটি আর্জেন্টাইন আত্মাকে গ্রহণ করল। জাতীয় দলের জন্য তার অবদান ভাষায় প্রকাশের মতো নয়। তিনি সবসময়ই উদাহরণ হয়ে থাকবেন।
লিওনেল মেসিও স্মৃতিকাতর হয়ে পড়েছেন সাউতোর প্রয়াণে। হৃদয়স্পর্শী বার্তায় তিনি লিখেছেন, আপনি সবসময় পাশে ছিলেন। আপনিই সেই মানুষ, যিনি এএফএ’র নজরে আমাকে এনেছিলেন। অসাধারণ একজন মানুষ, যিনি জাতীয় দলে খেলা প্রতিটি ফুটবলারের কাছে স্মরণীয়। আমরা আপনাকে কখনো ভুলব না, ওমর। শান্তিতে ঘুমান।
মেসির জন্ম আর্জেন্টিনায় হলেও তিনি বড় হয়েছেন স্পেনের বার্সেলোনা একাডেমি লা মাসিয়ায়। সতীর্থদের অনেকেই স্পেন জাতীয় দলে খেললেও সাউতো ও কোচ হুগো তোকাল্লির প্রচেষ্টায় নিশ্চিত হয় যে এই প্রতিভা আর্জেন্টিনার হয়ে খেলবেন।
নাইজেরিয়ার অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে স্পেন কোচিং স্টাফ মুগ্ধ হয়ে বলেছিল, বার্সেলোনার সেই ছেলেটি কোথায়? ও-ই সবার সেরা। দেশে ফিরে তোকাল্লি সাউতোকে দায়িত্ব দেন মেসিকে খুঁজে বের করার। দাদির মাধ্যমে নম্বর পাওয়া, ফোনে যোগাযোগ, আর হোর্হে মেসির উচ্ছ্বসিত প্রতিক্রিয়া সবকিছুই আজ আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি গল্প হিসেবে পরিচিত।
স্পেন যেন মেসিকে দলে নিতে না পারে, সে জন্য সাউতো–তোকাল্লি যুগল তড়িঘড়ি করে পরাগুয়ে ও উরুগুয়ের বিপক্ষে ‘নকল ডাক’ দিয়ে ম্যাচের আয়োজন করেছিলেন। সাউতো এসব মুহূর্তকে বলতেন মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।
এএফএতে তিন দশকের বেশি সময় কাজ করেছেন এই নিবেদিতপ্রাণ সংগঠক। গত অক্টোবরেই সংস্থার সাধারণ সভায় তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। মাত্র কয়েক সপ্তাহ পর তার প্রয়াণে শোকস্তব্ধ পুরো আর্জেন্টিনা ফুটবল পরিবার।
ওমর সাউতোর মৃত্যুতে আর্জেন্টিনা শুধু একজন সংগঠককে নয়, দেশটির ফুটবলের ইতিহাস বদলে দেওয়া এক অদৃশ্য নায়কের বিদায়কে স্মরণ করছে।
আরটিভি/এসকে