মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ০৯:৪২ পিএম
২০২৫ আবুধাবি টি–টেন টুর্নামেন্ট ও ডিপার্টমেন্ট অব কালচার অ্যান্ড ট্যুরিজম–আবুধাবি (ডিসিটি আবুধাবি) যৌথভাবে টুর্নামেন্টের অফিসিয়াল ট্রফিকে কেন্দ্র করে এক বিশেষ ভিজ্যুয়াল প্রদর্শনী উন্মোচন করেছে।
আন্তর্জাতিক ক্রিকেটারদের অংশগ্রহণে ট্রফিটি তুলে ধরা হয়েছে আবুধাবির আটটি বিখ্যাত ল্যান্ডমার্কে, যেখানে ফুটে উঠেছে শহরের ঐতিহ্য, স্থাপত্য ও আধুনিকতার অনন্য সংমিশ্রণ।
ট্রফির এই যাত্রায় অন্তর্ভুক্ত স্থানগুলো হলো, শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, এমিরেটস প্যালেস ও তার সৈকত, ল্যুভর আবুধাবি, জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, ওয়াহত আল কারামা, আল মাক্তা ব্রিজ ও ক্যাসেল, এবং এমিরেটস প্যালেস মেরিনা।
প্রতিটি স্থানে ধারণ করা ছবি আবুধাবির পরিচিতিকে বৈশ্বিক অঙ্গনে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করেছে। আটটি আন্তর্জাতিক দল এবং শীর্ষ পর্যায়ের বিশ্ব ক্রিকেটারদের অংশগ্রহণে এবারের আসর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের অবস্থান আরও দৃঢ় করছে।

ট্রফি প্রদর্শনীটি একই সঙ্গে আবুধাবি স্পোর্টস কাউন্সিল, ডিসিটি আবুধাবি এবং আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাবের চলমান সমন্বিত প্রচেষ্টাকে সামনে এনেছে। যার লক্ষ্য শহরটিকে ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটনের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা।
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট পরিবেশে চলছে নবম আসরের খেলা। আজ দিনের সূচিতে রয়েছে দুটি ম্যাচ, আজমান টাইটানস বনাম ভিস্তা রাইডার্স এবং অ্যাসপিন স্ট্যালিয়ন্স বনাম ডেকান গ্ল্যাডিয়েটর্স।
আরটিভি/এসআর