বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ০১:২৫ পিএম
ভারতের মাটিতে ১৯৯৯ সালে টেস্টে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। শুধু তাই গত ১৫ বছর ধরে ভারতের মাটিতে তাদের হারাতে পারেনি প্রোটিয়ারা। কিন্তু এবার যেন সব অপেক্ষার অবসান ঘটাতে ভারতের বিমান ধরেছিলেন মারক্রাম-ইয়ানসেনরা। কলকাতা টেস্ট জিতে জয়ে অপেক্ষা শেষ করার পর গুয়াহাটিতে সিরিজে নিশ্চিত করেছে প্রোটিয়ারা।
গুয়াহাটিতে ভারতকে রীতিমতো বিধ্বস্ত করেছে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম দিনে ভারতকে ১৪০ রানে অলআউট করে ৪০৮ রানের বিশাল জয় পেয়েছে সফরকারী। এতে ২-০ তে সিরিজ জিতেছে তারা। প্রথমবার হ্যান্সি ক্রনিয়ের অধীনে ২০০০ সালে এমন সাফল্য পেয়েছিল প্রোটিয়ারা।
গুয়াহাটিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪৮৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। আর ভারত করেছিল ২০১ রান। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ২৬০ রানে ইনিংস ঘোষণা করলে ৫৪৯ রানের বিশাল লক্ষ্য পায় ভারত। জবাব দিতে নেমে ১৪০ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। এতে ৪০৮ রানের বড় জয় পেয়েছে তারা।
জবাব দিতে ২৬ রানে ২ উইকেট হারিয়ে চতুর্থদিন শেষ করেছিল ভারত। বুধবার (২৬ নভেম্বর) পঞ্চম দিনের শুরুতেই (২৪তম ওভারে) সাজঘরে ফেরেন কুলদ্বীপ যাদব। দুই বল পরেই সাজঘরে ফেরেন ধ্রুব জুড়েলও।
এদিন ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক ঋষভ পান্ত। ১৬ বলে ১৩ রান করে আউট হন তিনি। এরপর ১৪ রান করে সুর্দশন আউট হলে ৯৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।
তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন রবীন্দ্র জাদেজা। ওয়াসিংটন সুন্দর (১৬) এবং নীতিশ কুমার শূন্য রানে আউট হলেও ৭৮ বলে ফিফটি তুলে নেন জাদেজা। কিন্তু এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। এরপর সিরাজ আউট হলে ১৪০ রানে অলআউট হয় ভারত। এতে ৪০৮ রানের বড় জয় পায় প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেছেন সিমন হারমার। এ ছাড়াও কেশব মহরাজ দুটি, ইয়ানসেন ও সেনুরান মুথুসামি নেন একটি করে উইকেট।
আরটিভি/এসআর