মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০৮:০৪ পিএম
প্রথমবার অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে অংশ নিয়ে তিন ম্যাচ খেললেও এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচে গত আসরের রানার্সআপ ফ্রান্সের কাছে ৩–২ গোলে হেরেছে লাল–সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণ স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে টম গাইলারের গোলে এগিয়ে যায় ফ্রান্স। এর আগে দুটি পেনাল্টি কর্নার পেয়েছিল তারা। দ্বিতীয় কোয়ার্টারেও দুটি পেনাল্টি কর্নার পায় ফ্রান্স, সেগুলো কাজে লাগাতে পারেনি তারা।
বাংলাদেশ একটি পেনাল্টি কর্নার পেলেও গোল পায় ফিল্ড প্লে থেকে। ২৮তম মিনিটে সমতার সেই গোলটি করেন মোহাম্মদ আব্দুল্লাহ। এবারের বিশ্বকাপে এটি বাংলাদেশের প্রথম ফিল্ড গোল। আগের দুই ম্যাচে পাওয়া ৬টি গোলই ছিল পেনাল্টি থেকে।
তৃতীয় কোয়ার্টারে দাপট দেখায় ফ্রান্স। ৩২তম মিনিটে ব্যবধান ২–১ করেন গাবিন লোরাজুরি। ৩৮তম মিনিটে জেমস লিডিয়ার্ডের স্টিক থেকে আসে আরেকটি ফিল্ড গোল। পিছিয়ে থেকেও হাল ছাড়েনি বাংলাদেশ।
লড়াই করে ম্যাচে ফেরার চেষ্টা করে যায়। ৫৫তম মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে জাল খুঁজে আশা বাড়ান। টুর্নামেন্টে এটি ছিল তার সপ্তম গোল। হারলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
কারণ, এই ফ্রান্স গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে ১১–১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৮–৩ গোলে।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ৫–৩ গোলে। দ্বিতীয় ম্যাচে কোরিয়ার বিপক্ষে তিন গোলে পিছিয়ে থেকেও ৩–৩ ড্র করে মাঠ ছেড়েছিল লাল–সবুজরা। দুই ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন আমিরুল।
আরটিভি/এসআর