শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ০৫:২৩ পিএম
আসন্ন আইপিএল ২০২৬-এর মিনি নিলাম ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসছে বছরের সবচেয়ে আলোচিত এই ক্রিকেট উৎসব। এবারের নিলামে মোট ৭৭টি স্লট খালি, যার মধ্যে ৩১টি বিদেশি ক্রিকেটারদের জন্য।
আইপিএলের প্লেয়ার তালিকায় এবার নাম লিখিয়েছেন মোট ১৩৫৫ ক্রিকেটার। ২ কোটি রুপির সর্বোচ্চ বেস প্রাইসে যেসব ৪৫ জন তালিকাভুক্ত হয়েছেন, তাদের ৪৩ জনই বিদেশি।
এই তালিকায় আছেন, ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মাথিসা পাথিরানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি প্রমুখ।
বিশেষ করে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ঘিরে দলগুলোর তীব্র লড়াইয়ের আভাস মিলছে। সবচেয়ে বেশি পার্স ৬৪.৩ কোটি রুপি হাতে নিয়ে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভেড়াতে আগ্রহী বলেই মনে করা হচ্ছে।
নিলামে দাম যতই বাড়ুক, এ বছর বিদেশি ক্রিকেটাররা সর্বোচ্চ ১৮ কোটি রুপির বেশি বেতন পেতে পারবেন না।
বিসিসিআইয়ের নতুন নির্দেশনা বলছে, আইপিএলে সর্বোচ্চ রিটেনশন মূল্য ১৮ কোটি। মিনি নিলামে কোনও বিদেশি খেলোয়াড়ের দর ১৮ কোটির বেশি উঠতে পারবে না। মহানিলামে দর ২০ কোটিও উঠলে বেতন সীমা থাকবে ১৮ কোটিই।
বাড়তি টাকা গেলে তা বিসিসিআইয়ের প্লেয়ার ডেভেলপমেন্ট ফান্ডে জমা হবে। এই নিয়ম মূলত ব্যয় নিয়ন্ত্রণ ও বেতন কাঠামোতে ভারসাম্য আনতে চালু করেছে বোর্ড।
২০২৩ সালের মিনি নিলামে, মিচেল স্টার্ক ২৪.৭৫ কোটি, প্যাট কামিন্স ২০.৫০ কোটি মূল্যে বিক্রি হয়েছিলেন। এবার সে ধরনের ‘অতিরিক্ত’ দর আর সম্ভব নয়।
নতুন নিয়মে আইপিএলের নিলাম আরও নিয়ন্ত্রিত, ভারসাম্যপূর্ণ এবং দেশি-বিদেশি ক্রিকেটারদের বেতন কাঠামো আরও নির্দিষ্ট হয়ে গেল। তবে কাকে দলে টানতে কোন দল কতদূর লড়াই করে সেদিকে এখন নজর পুরো ক্রিকেট দুনিয়ার।
আরটিভি/এসকে