শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ০৬:২৭ পিএম
জন সিনার বিদায়ী ট্যুর ঘিরে রেসলিং দুনিয়ায় উত্তেজনার পারদ তুঙ্গে। ‘ইউ ক্যানট সি মি’ আইকনিক স্টাইল থেকে শুরু করে তার কিংবদন্তি ইনট্রো মিউজিক-ভক্তরা দিন গুনছে তার শেষ ম্যাচের অপেক্ষায়। এদিকে, এই সপ্তাহে বিল সিমন্স পডকাস্টে হাজির হয়ে সিনা শোনালেন নিজের ক্যারিয়ারের অজানা স্মৃতিচারণ। খবর বার্সটুল স্পোর্টসের।
এর মধ্যে সবচেয়ে আলোচিত গল্পটি আসে আন্ডারটেকারকে ঘিরে-যিনি নাকি সিনার জীবনের প্রথম অ্যালকোহলিক ড্রিঙ্ক-এর পাশাপাশি দিয়েছিলেন এমন একটি পরামর্শ, যা আজও সিনা নিজের জীবনের মূলমন্ত্র মানেন।
সিনা বলেন, ২৬ বছর বয়সে একবার ব্যাকস্টেজের বারে তাকে ডাকেন দ্য আন্ডারটেকার। ভেটেরান তারকা সিনার সামনে একটি ড্রিঙ্ক এগিয়ে দেন। সিনা যখন বলতে যান যে তিনি মদ খান না, তখনই টেকার শান্তভাবে আবারও গ্লাসটি তার সামনে রাখেন। সেই ‘ডেডম্যান প্রেশার’-এর কাছে হার মানতেই হয় নবীন সিনাকে-আর তাতেই শুরু হয় এক রাতের গুরুত্বপূর্ণ আলাপ।
সিনার কথায়, টেকার তাকে যে দুটি শিক্ষা দেন, তা আজও তার জীবনের সবচেয়ে বড় গাইডলাইন- ‘তোমার ক্রুকে সবসময় দেখাশোনা করবে’। আর ‘নেভার সে গুড বাই’।
বিষয়টি নিয়ে পডকাস্টে আলোচনা হয় যে টেকার কি সত্যিই আক্ষরিক অর্থে বিদায় না বলে আয়ারিশ এক্সিট করার কথা বলেছিলেন, নাকি আরও গভীর কোনো অর্থ ছিল। সিনার মতে, সেই কথার ভেতর লুকিয়ে ছিল এক ধরণের দার্শনিক বার্তা- সেতু পোড়ানো নয়, সম্পর্কগুলোকে অটুট রাখা।
সিনা–টেকার ম্যাচের কথা বলতে গিয়ে সিনা দুঃখ প্রকাশ করেন যে তাদের রেসেলম্যানিয়া ম্যাচটি অকারণে দিনের সিদ্ধান্তে মাত্র ২ মিনিট ৪৫ সেকেন্ড-এ কেটে দেওয়া হয়েছিল। ‘দ্য লাস্ট রাইড’ ডকু-সিরিজে টেকার নিজেও বলেছিলেন, এই ম্যাচটি নিয়ে তিনি ছিলেন ভীষণ উত্তেজিত- তাই এত কম সময়ে শেষ হওয়া তার জন্য ছিল হতাশাজনক।
বিল সিমন্সকে সিনা আরও জানান, তিনি নিজের শেষ রানের জন্য ২২০টি শো করতে চেয়েছিলেন। কিন্তু ডব্লিউডব্লিউই নাকি তাকে শুধু ৩৬টি তারিখ দেওয়ার পক্ষপাতী ছিল। সিনার মতে, বেশি হাউস শো করলে তিনি আরও নতুন প্রতিভার সঙ্গে কাজ করতে পারতেন- যা তার ক্যারিয়ারের উপযুক্ত সমাপ্তি হতে পারত।
আরটিভি/কেআই