সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ০৮:৫০ এএম
বাংলাদেশের ক্রিকেটে দুই দশকেরও বেশি সময় ধরে সেবা দেওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনো আনুষ্ঠানিকভাবে সব ফরম্যাট থেকে অবসর নেননি। অবসরের আগে দেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি খেলছেন সাকিব। রোববার(৭ ডিসেম্বর) অভিষেক ম্যাচে আলো ছড়াতে না পারলেও তার দল জয় পেয়েছে। একই দিনে মঈন আলীর সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে নিজের অবসর পরিকল্পনা প্রকাশ করেন তিনি।
সাকিব বলেন, আমি আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাটেই অবসর নেইনি। প্রথমবার জানাচ্ছি আমার পরিকল্পনা হলো দেশে ফিরে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলব, তারপর অবসর নেব।
তিনি আরও জানান, কোন ফরম্যাট দিয়ে শেষ করবেন সেটি গুরুত্বপূর্ণ নয়, তবে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান।
২০২৪ সালে রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ায় সাকিব আর দেশে ফিরে আসেননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যা মামলা হয়। যদিও জুলাইয়ের অভ্যুথানকালে তিনি দেশে ছিলেন না। এরপর পাকিস্তান ও ভারতে বাংলাদেশের হয়ে টেস্ট খেললেও কানপুরে ভারতের বিপক্ষে শেষ টেস্টের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে।
বাংলাদেশে ফেরার বিষয়ে আশাবাদী সাকিব জানালেন, আমি মনে করি ফিরতে পারব। ভক্তরা আমাকে যেভাবে সমর্থন করেছে, একটি হোম সিরিজই তাদের বিদায় বলার সুন্দর উপায়। তাদের জন্য কিছু ফিরিয়ে দিতে চাই।
শুধু ক্রিকেট নয়, নিজের রাজনৈতিক পথচলাও থামাতে চান না তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব।
তিনি বলেন, ক্রিকেট ক্যারিয়ার শেষের পথে। কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার বাকি আছে। বাংলাদেশ ও মাগুরার জনগণের জন্য কাজ করতে চাই। আল্লাহ যেখানে নেবেন, দেখা যাক।
আরটিভি/এসকে