সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ০২:০৭ পিএম
ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে চলা বিয়ে–সংক্রান্ত জল্পনার অবসান ঘটেছে। অবশেষে নিশ্চিত হলো সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতির বিয়ে বাতিল করা হয়েছে। শুরুতে বিয়ে স্থগিতের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না এমনটিই জানিয়েছেন দুই পক্ষই।
২৩ নভেম্বর স্মৃতি-পলাশের বিয়ের দিন ঠিক ছিল। কিন্তু হঠাৎ স্মৃতির বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর একের পর এক গুঞ্জন ছড়ায় পলাশও নাকি অসুস্থ, আবার কেউ কেউ দাবি করেন, সম্পর্কের ভাঙনের পেছনে নাকি প্রতারণার বিষয়ও রয়েছে। এসব নিয়ে সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়।
এক বিবৃতিতে পলাশ স্পষ্ট জানান, সম্পর্ক আর টিকছে না এবং তিনি জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লিখেছেন, মানুষ ভিত্তিহীন গুজবে যেভাবে দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে, তা আমার জন্য ভয়ানক অভিজ্ঞতা ছিল। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। তবে আমি আমার বিশ্বাসের সঙ্গে ভদ্রভাবে পরিস্থিতি সামাল দেব।
তিনি আরও বলেন, সমাজের উচিত ভিত্তিহীন গুজব ছড়ানো থেকে বিরত থাকা। কারও ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করতে গিয়ে তা কীভাবে তার পরিবারকে আঘাত করতে পারে অনেকেই বুঝতে চান না বলে মন্তব্য করেন পলাশ।
বিবৃতির শেষে কঠোর ভাষায় তিনি জানান, ভিত্তিহীন গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।
অন্যদিকে স্মৃতি মান্ধানা ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, গত কয়েক সপ্তাহ ধরে আমাকে ঘিরে অনেক জল্পনা-কল্পনা হয়েছে। এখন আমার কথা বলা প্রয়োজন। আমি খুব ব্যক্তিগত জীবন পছন্দ করি, তবে স্পষ্ট করে জানাতে চাই বিয়ে বাতিল করা হয়েছে।
তিনি সবার উদ্দেশে অনুরোধ করেন, এই বিষয়টি এখানেই শেষ করতে এবং দুই পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করতে।
স্মৃতি বলেন, আমি আমার ক্রিকেটে মনোযোগ রাখতে চাই। ভারতের হয়ে খেলতে পারাই আমার বড় গর্ব। ভবিষ্যতেও দেশের জন্য ট্রফি জিততে চাই।
স্মৃতি ও পলাশ দুজনেই জানিয়েছেন, এটি তাদের জীবনের কঠিন সময় এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে এগিয়ে যেতে চান।
বিয়ে বাতিলের এই সিদ্ধান্তে গণমাধ্যম ও ভক্তদের আলোচনার ঝড় চললেও দুই পরিবারই বর্তমানে শান্তি ও ব্যক্তিগত সময় কামনা করছেন।
আরটিভি/এসকে