বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০১:২৬ পিএম
ভারতের তারকা নার ক্রিকেটার স্মৃতি মান্ধানা জানিয়েছেন, ক্রিকেটের চেয়ে বড় ভালোবাসা তার জীবনে আর কিছু নেই। ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করলেও জাতীয় দলের হয়ে খেলাই তাকে এগিয়ে চলার শক্তি দেয় বলে মন্তব্য করেন তিনি।
নয়া দিল্লিতে বুধবার এক অনুষ্ঠানে হাজির হয়ে মান্ধানা বলেন, আমি ক্রিকেটের চেয়ে বেশি কিছু ভালোবাসি না। ভারতীয় জার্সি পরাই আমার সবচেয়ে বড় প্রেরণা। যত বাধাই আসুক, এই এক ভাবনাই আমাকে সঠিক পথে রাখে।
সম্প্রতি গায়ক পালাশ মুচ্ছলের সঙ্গে তার বাগদান ভেঙে যাওয়ার পর এটি ছিল তার প্রথম জনসমক্ষে আসা। নিজের আবেগ, আন্তর্জাতিক ক্রিকেট–যাত্রা এবং বিশ্বকাপজয়ের অনুভূতি তিনি সেদিন খোলামেলা তুলে ধরেন।
২০১৩ সালে মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলে অভিষেকের পর লম্বা সময়ে তাকে পার করতে হয়েছে ব্যর্থতা, চোট এবং নানা চাপ। তবে সেসব পেরিয়ে ২০২৫ সালের বিশ্বকাপজয়ের মুহূর্তকে তিনি জীবনের ‘সবচেয়ে বিশেষ অধ্যায়’ বলে উল্লেখ করেন।
মান্ধানা বলেন, আমরা বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। অনেকবার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছি। কিন্তু ফাইনাল জয়ের মুহূর্ত যখন পর্দায় দেখলাম, গায়ে কাঁটা দিয়ে উঠেছিল।
ব্যাট হাতে থাকার শৈশব স্মৃতিও তুলে ধরেন ভারতীয় ভাইস ক্যাপ্টেন। তার ভাষায়, ছোটবেলা থেকেই ব্যাট হাতে থাকলে আমি যেন অন্য মানুষ হয়ে যেতাম। সবাই হয়তো বুঝত না, কিন্তু আমি জানতাম একদিন বিশ্বজয় করতেই হবে।
আরটিভি/এসকে