শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ০১:২৮ পিএম
বর্তমানে ফুটবল বিশ্বের সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন হলেন আর্লিং হল্যান্ড। জাতীয় দল কিংবা ক্লাব প্রায় প্রতি ম্যাচেই গোল করে আলো ছড়াচ্ছেন তিনি। সম্প্রতি তার এই পারফরম্যান্সের জন্য লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন হল্যান্ড।
টিএনটি ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে হল্যান্ড বলেন, ‘বিশ্বের প্রতিটি ফুটবলারের জন্যই রোনালদো ও মেসি উদাহরণ। কীভাবে, কোন পথে গেলে ১৫ বছর ধরে বিশ্বের সেরা লিগগুলোতে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করা যায়- তারা সেটা দেখিয়ে দিয়েছেন।’
৪০ বছর বয়সেও মাঠে থাকা রোনালদো অক্টোবরে ক্যারিয়ারে ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন। ৩৮ বছর বয়সি মেসি চলতি মাসেই ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ জিতিয়েছেন।
রোনালদোর ফিটনেসের প্রশংসা করে হলান্ড বলেন, রোনালদো যেভাবে নিজের শরীরের যত্ন নেয়, সেটা অবিশ্বাস্য। ৪০ বছর বয়সেও খেলছে- এটা সহজ নয়।
আগামী বিশ্বকাপে খেলার অনুভূতি নিয়ে হল্যান্ড বলেন, নরওয়ের সঙ্গে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আগে কখনও হয়নি। এবার সেটা হতে যাচ্ছে- এটা সত্যিই বিশেষ।
হল্যান্ডের অসাধারণ নৈপুণ্যে ২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে উঠেছে নরওয়ে। ইউরোপীয় বাছাইপর্বে ইতালিসহ গ্রুপের সব মিলিয়ে টানা ৮ ম্যাচ জিতে বিশ্বকাপ নিশ্চিত করে তারা। বাছাইপর্বে ১৬ গোল করে রেকর্ড গড়েছেন হলান্ড। এর আগে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচে ১৬ গোল করেছিলেন পোল্যান্ডের রবার্ট লেভানডফস্কি।
উল্লেখ্য, বিশ্বকাপে গ্রুপ পর্বে ফ্রান্স ও সেনেগালের মুখোমুখি হবে নরওয়ে। আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে নির্ধারিত হবে আরেক প্রতিপক্ষ।
আরটিভি/এসআর