images

খেলা / অন্যান্য

আজ রেসলিংকে বিদায় জানাচ্ছেন জন সিনা

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ১০:২৮ পিএম

ডব্লিউডব্লিউই সুপারস্টার ও কিংবদন্তি রেসলার জন সিনার বিদায়ি ম্যাচ ঘিরে তুঙ্গে উঠেছে ভক্তদের উত্তেজনা। দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে আজ শনিবার রাতে তিনি নামছেন রিংয়ে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিতব্য ডব্লিউডব্লিউই ‘স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট’ অনুষ্ঠানেই হবে তার ক্যারিয়ারের শেষ লড়াই।

বিদায়ি ম্যাচকে ঘিরে টিকিট বিক্রির চিত্রই এর গুরুত্ব স্পষ্ট করে তুলেছে। রেসলটিক্সের তথ্য অনুযায়ী, ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় প্রস্তুত করা ১৯ হাজার ১৭৬টি আসনের প্রায় সব কটিই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

আজকের মেইন ইভেন্টে জন সিনার প্রতিপক্ষ হবেন ‘দ্য লাস্ট টাইম ইজ নাউ’ টুর্নামেন্টের বিজয়ী গুন্থার। ‘নেভার সিন সেভেনটিন’ নামে পরিচিত সিনার জন্য এই ম্যাচটি শুধু আরেকটি লড়াই নয়, বরং ডব্লিউডব্লিউইতে তার দীর্ঘ, সফল ও স্মরণীয় যাত্রার শেষ অধ্যায়।

এর আগে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, সিনার শেষ ম্যাচের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে না। তিনি নিজের ইচ্ছামতো সময় নিয়েই ম্যাচটি শেষ করতে পারবেন। এতে করে গোল্ডবার্গের বিদায়ি ম্যাচের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে বলে জানানো হয়। এই ঘোষণায় ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

তবে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, সিনার ম্যাচটি নাকি অনুষ্ঠানের শুরুতেই রাখা হতে পারে। এতে অনেক সমর্থক হতাশা প্রকাশ করেন। কেউ কেউ আবার মত দেন, এমন হলে অনুষ্ঠান শেষে সিনা দর্শকদের সামনে এসে বিদায়ি বক্তব্য দিতে পারেন।

শেষ পর্যন্ত এসব গুঞ্জনের অবসান ঘটান স্বয়ং জন সিনা। একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে জানান, তার শেষ ম্যাচটিই হবে অনুষ্ঠানের মূল আকর্ষণ। এতে ভক্তদের উদ্বেগ কেটে যায় এবং প্রত্যাশা আরও বেড়ে ওঠে।

আরও পড়ুন
John-Cena

বিদায়ী ম্যাচের আগে জন সিনার আবেগঘন বার্তা

সব মিলিয়ে ডব্লিউডব্লিউইর ইতিহাসের অন্যতম আলোচিত এই বিদায়ি ম্যাচ ঘিরে এখন প্রহর গুনছেন জন সিনার অগণিত সমর্থক। ডব্লিউডব্লিউই ‘স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট’ অনুষ্ঠানটি শুরু হবে আজ শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

আরটিভি/এসকে