রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ১২:০৭ পিএম
অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বর্তমান কমিটির অধীনে সব ধরনের লিগ বয়কট করেছিল ঢাকার শীর্ষ ক্লাবগুলো। তাদের বেশ কয়েকবার আলোচনায় বসার কথা জানালেও সাড়া পায়নি বিসিবি। তাই প্রথম বিভাগ ক্রিকেট লিগে ২০টির মধ্যে ৮টি ক্লাবকে বাদ দিয়েই শুরু হলো প্রথম বিভাগ ক্রিকেট লিগ।
রোববার (১৪ ডিসেম্বর) মিরপুরে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন করেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন ও বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
এর আগে শনিবার ৮ ক্লাবের ক্রিকেটাররা সব দলকে নিয়ে লিগ আয়োজনের দাবিতে বিসিবিতে স্বারকলিপি দিয়েছিল। একই সময়ে উন্মোচন হচ্ছিল প্রথম বিভাগ লিগের ট্রফি। এর আগে বিসিবি কার্যালয়ের সামনে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনও করেন তারা।
গত মৌসুমে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলা আসাদুজ্জামান প্রিন্স বলেন, ২০ দল নিয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করতে হবে। আর নয়তো ২০ দলের সকল ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে হবে।
প্রিন্স আরও বলেন, ১২ দলের ভাইরা ভালো পেমেন্ট নিয়ে ক্রিকেটটা খেলতে পারবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ টাইটেলে, আর অন্য ভাইরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নাম দিয়ে ক্রিকেট খেলতে আসবে আর সেখানে পারিশ্রমিক হবে ৫০-৬০ হাজার টাকা। আমার মনে হয় এটা একটা বৈষম্য।

ক্রিকেটারদের দাবিতে বিসিবি এখনও কোন সম্মতি দেয়নি বলে জানিয়েছেন প্রিন্স, (বিসিবি) সভাপতি দেশের বাইরে। উনারা আমাদেরকে এখনই কথা দিতে পারছেন না যে আমাদের জন্য কী করবে বা আর্থিকভাবে কী ধরনের সমর্থন দিতে পারেন। উনারা নিজ দায়িত্বে বলতে চাচ্ছেন না।
এদিকে সবশেষ সংবাদ সম্মেলনে বিসিবি জানিয়েছিল, ক্লাবগুলো না খেললে ক্ষতি শুধু ক্রিকেটার ও দেশের ক্রিকেটের হবে। তবে তাদের জন্য কোনো কিছু থেকে থাকবে না। হয়তো নতুন কোনো কিছু ভাববে বিসিবি। এখন দেখার বিষয় বাকি ৮ দলের ক্রিকেটারদের জন্য কি ব্যবস্থা করে বিসিবি।
আরটিভি/এসআর