সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০৮:১৯ এএম
রেলিগেশন জোনে থাকা আলাভেসের বিপক্ষে জয়টা সহজ হওয়ার কথা ছিল। কিন্তু মাঠে নামার আগেই বিপদ সংকেত পাচ্ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো। তিন পয়েন্ট না পেলে তার চাকরি নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল স্পেনজুড়ে। শেষ পর্যন্ত জয় পেলেও স্বস্তির সেই জয় এসেছে যথেষ্ট ঘাম ঝরিয়ে।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে আলাভেসের মাঠে ২-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। জানুয়ারির পর লা লিগায় প্রথম গোল করে দলকে বাঁচান ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। ৭৬তম মিনিটে তার করা গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করে সফরকারীরা।
চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঝ সপ্তাহে গোল করলেও ম্যাচ হেরেছিল রিয়াল। সে ম্যাচে কোচ জাবি আলোনসোর পাশে দাঁড়িয়ে উদযাপন করে সংহতি জানিয়েছিলেন রদ্রিগো। এবার লিগ ম্যাচে তার গোলেই স্বস্তি ফেরে কোচ ও দলের।
চোট কাটিয়ে এদিন একাদশে ফেরেন কিলিয়ান এমবাপে। তবে ইনজুরি যে পুরোপুরি সারেনি, তা তার খেলায় স্পষ্ট ছিল। শুরুতে হাঁটুর ব্যথায় অস্বস্তিতে দেখা যায় ফরাসি তারকাকে। তবুও প্রথম ১০ মিনিটেই তিনি দুটি সুযোগ তৈরি করেন—একটি শট অল্পের জন্য পোস্টের বাইরে যায়, আরেকটি উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।
২৪তম মিনিটে লিড নেয় রিয়াল। রদ্রিগোর বাড়ানো বল থেকে জুড বেলিংহামের সহায়তায় গোল করেন এমবাপে। এটি ছিল রিয়াল মাদ্রিদের জার্সিতে তার ৭০তম গোল।
এরপরও বিপদ কাটেনি। প্রথমার্ধে একাধিকবার আলাভেসের আক্রমণ সামলাতে হয় থিবো কোর্তোয়াকে। দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়রের শট ঠেকিয়ে দলকে বাঁচান আলাভেস গোলরক্ষক আন্তোনিও সিভেরা।
৬৯তম মিনিটে ভিসেন্তের গোল করে সমতায় ফেরে আলাভেস। অফসাইড চেক শেষে গোলটি বৈধ ঘোষণা করা হয়। এরপর ম্যাচে চাপ বাড়তে থাকে রিয়ালের ওপর।
শেষ পর্যন্ত বাঁ দিক দিয়ে দুর্দান্ত আক্রমণ গড়ে গোল করেন রদ্রিগো। জনিকে টপকে আসা নিচু ক্রস থেকে গোল করে নিজের লিগ গোলখরা কাটান তিনি। পরে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৮৬তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র বক্সের মধ্যে ফাউলের শিকার হলেও পেনাল্টির সিদ্ধান্ত দেননি রেফারি। ভিএআর রিভিউতেও সিদ্ধান্ত বদলায়নি।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচ হারার পর এই জয় পেল রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান এখন চার পয়েন্ট।
আরটিভি/এসকে