শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ১২:২৯ পিএম
ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে টাইব্রেকারে পরাস্ত করে প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে পিএসজি। এদিন টাইব্রেকারে ৪টি শট ঠেকিয়ে নায়ক বনে যান গোলরক্ষক মাতভেই সাফানভ। কিন্তু এরপরই বড় দুঃসংবাদ পেয়েছে ফরাসি জায়ান্টরা।
পেনাল্টি শুটআউটে বীরোচিত পারফরম্যান্সের মাঝেই হাত ভেঙে গেছে সাফানভের। ম্যাচ জয়ের পর সতীর্থরা তাকে আনন্দে শূন্যে ছুড়ে দিলে, কিংবা তার আগেই-ঠিক কখন চোট লেগেছে, তা নিয়েই ধোঁয়াশা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, আমি সত্যিই ব্যাখ্যা করতে পারছি না। অবিশ্বাস্য ব্যাপার। খেলোয়াড় নিজেও জানে না কীভাবে এটা হলো। আমাদের মনে হয় তৃতীয় পেনাল্টি বাঁচানোর সময় সে একটু অস্বাভাবিক মুভমেন্ট করেছিল, তখনই ফ্র্যাকচার হয়েছে।
তিনি বলেন, অবাক করার বিষয় হলো- ভাঙা হাত নিয়েই সে শেষ দুটি শট ঠেকিয়েছে। তখন অ্যাড্রেনালিন এত কাজ করছিল যে, সে কোনো ব্যথাই অনুভব করেনি। দলের জন্য যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার যে মানসিকতা, সেটাই আমরা চাই। সাফোনভসহ পুরো দল সেই মনোভাবটাই দেখিয়েছে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সাফোনভের অবস্থা তিন থেকে চার সপ্তাহ পর পুনর্মূল্যায়ন করা হবে। রাশিয়ান এই গোলকিপার মূলত পিএসজির ব্যাকআপ। মূল গোলকিপার হিসেবে দলে যোগ দেওয়া লুকাস শেভালিয়ের গোড়ালির চোটে পড়ার আগ পর্যন্ত তিনি এক মিনিটও মাঠে নামেননি। ২৯ নভেম্বর থেকে শেভালিয়ের খেলতে পারছেন না।
পিএসজির সামনে এখন কুপ দ্য ফ্রান্সের ম্যাচ। শনিবার পঞ্চম স্তরের দল ভঁদে ফঁতেনের বিপক্ষে মাঠে নামবে তারা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির জন্য ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের মধ্য দিয়ে বছরটা আরও স্মরণীয় হয়ে উঠেছে।
আরটিভি/এসআর