images

খেলা / ক্রিকেট

ওসমান হাদির বিদায়ী যাত্রায় আবেগী প্রতিক্রিয়া বাংলাদেশের ক্রিকেটারদের

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ১০:৩৭ পিএম

সন্ত্রাসী হামলায় আহত হওয়ার এক সপ্তাহের মাথায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হয়। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এই বিদায়ী যাত্রা গভীরভাবে নাড়া দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদেরও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা ওসমান হাদিকে স্মরণ করে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন।

জাতীয় দলের ব্যাটার তাওহীদ হৃদয় তার ফেসবুক পোস্টে লেখেন, যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে বীরের বেশে, হাজার মানুষের সাথে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে। বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।

বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানাজায় মানুষের ঢল দেখে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন। তিনি লেখেন, আজ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল দেখে আমি সত্যিই স্তব্ধ। আমার জীবনে এর আগে কখনো কোনো জানাজায় এত মানুষের উপস্থিতি দেখিনি। এই ভিড়ই সাক্ষ্য দেয়—তোমাকে মানুষ কতটা ভালোবেসেছে। আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং শহিদি মর্যাদা দান করুক।”

জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরী ওসমান হাদির ব্যক্তিত্বকে তুলে ধরে বলেন, তুমি কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান ছিলে না। ছিলে একজন ভালো মানুষ। শুধু একজন ভালো মানুষ হিসেবেই সবাই তোমাকে চিনত। এই কারণেই আজ তোমার জানাজায় এত মানুষ। আল্লাহ তায়ালা দুনিয়াতে তোমাকে এত সম্মান দিয়েছেন—ওই পারে কত সম্মান তোমার জন্য অপেক্ষা করছে, আল্লাহই ভালো জানেন।

আরেক পেসার কামরুল ইসলাম রাব্বি ওসমান হাদিকে তুলনা করেছেন শের-ই বাংলা এ কে ফজলুল হকের সঙ্গে। দীর্ঘ এক পোস্টে তিনি উল্লেখ করেন, বরিশালের প্রতিবাদী চেতনা যেমন শের-ই বাংলার মধ্যে ছিল, তেমনই সেই একই আগুন তিনি ওসমান হাদির মাঝেও দেখেছেন। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং সত্য ও ন্যায়ের পথে দৃঢ়তার কারণে হাদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন বলে মন্তব্য করেন তিনি।

ডানহাতি পেসার রুবেল হোসেনও আবেগঘন ভাষায় তার প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন,আপনি জিতে গেছেন হাদী। বছর বছর রাজনীতি করা অনেকেই বলতে পারবেন না মরে গেলে তাদের জানাজায় এত মানুষ আসবে কি না। রাজনীতি হওয়া উচিত মানুষের অধিকারের জন্য, দেশের জন্য। আপনি দেশকে সেটা দেখিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।

আরও পড়ুন
HRIDOY

বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না: তাওহিদ হৃদয়

লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জানাজা এবং দেশের বিশিষ্টজনদের প্রতিক্রিয়ায় স্পষ্ট শরিফ ওসমান হাদির বিদায়ী যাত্রা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এক আবেগঘন অধ্যায় হয়ে থাকবে।

আরটিভি/এসকে