সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ , ১২:৩২ পিএম
মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে রেকর্ড ব্যবধানে জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো নিউজিল্যান্ড। প্রথম টেস্ট ড্র হওয়া এবং দ্বিতীয় টেস্ট হারে বিপদে পড়া ক্যারিবীয়দের বাঁচার একমাত্র সুযোগ ছিল এই তৃতীয় টেস্ট। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বড় ব্যবধানে পরাজয় স্বীকার করে তারা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের জন্য এটি রানের দিক থেকে সবচেয়ে বড় জয়। তারা ৩২৩ রানে ক্যারিবীয়দের হারিয়েছে, যা আগের রেকর্ডের চেয়ে অনেক বেশি। ২০১৭ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ড ২৪০ রানে জয় পেয়েছিল, যা তখন তাদের সর্বোচ্চ জয় ছিল।
টেস্টে শান দেখিয়েছেন জ্যাকব ডাফি। তিনি ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন এবং সিরিজের তিনটি টেস্টে মোট ২৩ উইকেট শিকার করেছেন, যা নিউজিল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক সিরিজে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ২০১৩ সালে ট্রেন্ট বোল্টের।
আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন ডাফি। তিন ফরম্যাট মিলিয়ে এই বছর তিনি ৮১ উইকেট নিয়েছেন। যা নিউজিল্যান্ডের এক পঞ্জিকাবর্ষের সর্বোচ্চ উইকেট শিকার। এর আগে এই রেকর্ডটি ধরে রেখেছিলেন কিংবদন্তি রিচার্ড হ্যাডলি। যিনি ১৯৮৫ সালে ২৩ ম্যাচে ৭৯ উইকেট নিয়েছিলেন।
পঞ্চম দিনে ৪৩ রান ও কোনো উইকেট হারিয়ে শুরু করলেও ওয়েস্ট ইন্ডিজের ইনিংস দ্রুত ভেঙে পড়ে। ৮৭ রানের জুটির পর তারা ৫১ রান করে দশ উইকেট হারিয়ে বসে। ওপেনার ব্র্যান্ডন কিং ৯৬ বল খেলে ৬৭ রান করেন, আর জন ক্যাম্পবেল ১০৫ বলে ১৬ রান করে আউট হন।
ম্যান অব দ্য ম্যাচ হন ডেভন কনওয়ে। যিনি ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করেই দারুণ পারফরম্যান্স দেখান। আর সিরিজের সেরা খেলোয়াড় হন জ্যাকব ডাফি।
নিউজিল্যান্ডের দাপট ও ডাফির রেকর্ড পারফরম্যান্সের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজকে প্রথাগত বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত হলো কিউইদের।
আরটিভি/এসকে