বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ , ০৯:৩৭ এএম
আসন্ন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। সমারসেটের উইকেটরক্ষক ব্যাটার থমাস রিউকে অধিনায়ক করে ১৬ সদস্যের এই দল চূড়ান্ত করা হয়েছে। সদ্য ইংল্যান্ড লায়ন্সের হয়ে অস্ট্রেলিয়া সফরে অংশ নেওয়া রিউয়ের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত ম্যাচের যুব ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ফারহান আহমেদ। আসন্ন বিশ্বকাপে তিনি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার আলি ফারুক। দল নির্বাচনের ক্ষেত্রে ভারসাম্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কোচ মাইকেল ইয়ার্ডি।
দল ঘোষণার পর ইয়ার্ডি বলেন, আমরা যে খেলোয়াড়দের নির্বাচন করেছি, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের জার্সি গায়ে তোলার পাশাপাশি বিশেষ কিছু করে দেখানোর সুযোগও রয়েছে। দলে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার ভালো সমন্বয় আছে। কয়েকজন খেলোয়াড়ের কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে, যা টুর্নামেন্টে দলকে বাড়তি সুবিধা দেবে।
তিনি আরও বলেন, আমি চাই খেলোয়াড়রা জিম্বাবুয়ের মতো সুন্দর একটি দেশে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাটি উপভোগ করুক এবং বিভিন্ন দেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের সামর্থ্য প্রমাণ করুক।
১৬ দলের এই বিশ্বকাপে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল গ্রুপ ‘সি’-তে খেলবে। ১৬ জানুয়ারি হারারেতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। এরপর স্বাগতিক জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড। গ্রুপ পর্ব থেকে সেরা তিনটি দল পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে।
ইংল্যান্ড বিশ্বকাপ দল: থমাস রিউ (অধিনায়ক), ফারহান আহমেদ, রালফি আলবার্ট, বেন ডকিন্স, ক্যালেব ফ্যালকনার, আলি ফারুক, অ্যালেক্স ফ্রেঞ্চ, অ্যালেক্স গ্রিন, লুক হ্যান্ডস, ম্যানি লামসডেন, বেন মেইজ, জেমস মিন্টো, আইজ্যাক মোহাম্মদ, জো মুরস, সেবাস্টিয়ান মরগান।
আরটিভি/এসকে