images

খেলা

বিপিএল শুরুর ৪৮ ঘণ্টা আগে বিসিবির জরুরি বোর্ড সভা

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ , ০২:২৯ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হতে আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। এরই মধ্যে অংশগ্রহণকারী দলগুলো সিলেটে পৌঁছে গেছে। সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষে টুর্নামেন্টটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমন সময় হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি জরুরি বোর্ড সভার ডাক দিয়েছে। আজ বুধবার সকাল ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে। বিপিএল শুরুর ঠিক আগমুহূর্তে এই বৈঠক ঘিরে ক্রিকেটপাড়ায় তৈরি হয়েছে নানা আলোচনা ও গুঞ্জন।

বিসিবি সূত্রে জানা গেছে, আসন্ন বিপিএলের সার্বিক প্রস্তুতি, ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক পরিশোধ, আনুষঙ্গিক সুযোগ-সুবিধা এবং দলগুলোর ব্যবস্থাপনা ঠিকঠাক আছে কি না এসব বিষয় পর্যালোচনার উদ্দেশ্যেই এই সভা ডাকা হয়েছে।

তবে এর পাশাপাশি বিসিবির অভ্যন্তরীণ অস্বস্তিও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি বিসিবির এক পরিচালক মন্তব্য করেন, গত ১৫ বছরে যত দুর্নীতি হয়নি, গত ছয় মাসে তার চেয়েও বেশি হয়েছে। ওই সময়কালে ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল বিসিবির নেতৃত্বে ছিলেন। বর্তমানে বুলবুল সভাপতি এবং ফারুক আহমেদ সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

পরিচালক আদনান রহমান দিপনের এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। যদিও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এটিকে সংশ্লিষ্ট পরিচালকের ব্যক্তিগত বক্তব্য বলে উল্লেখ করেছিলেন। আজকের বোর্ড সভায় এ বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের বিরুদ্ধে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে গড়িমসির অভিযোগ উঠেছে। এ কারণে দলটির একাধিক বিদেশি ক্রিকেটার ইতোমধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে শোনা যাচ্ছে। বিষয়টি নিয়েও বোর্ড সভায় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বিপিএলের সর্বশেষ আসরে ফিক্সিংয়ের অভিযোগে ৯ জন ক্রিকেটারকে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে দূরে রেখেছে বিসিবি। ফলে শেষ মুহূর্তে সব ধরনের বিতর্ক এড়িয়ে একটি সুন্দর ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতেই এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন
BPL

বিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন ৩ বিদেশি ক্রিকেটার

বিপিএল ছাড়াও সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) এবং বিসিবির মিডিয়া বিভাগের প্রধান পরিবর্তন নিয়েও গুঞ্জন রয়েছে। তবে এসবের কোনটি গুঞ্জন আর কোনটি বাস্তব সিদ্ধান্ত তা স্পষ্ট হবে বোর্ড সভা শেষ হওয়ার পরই।

আরটিভি/এসকে